নয়া অবতারে মমতা, আইনজীবীর পোশাকে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 14, 2026

নয়া অবতারে মমতা, আইনজীবীর পোশাকে হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী


কলকাতা: গায়ে কালো কোট জড়িয়ে হাইকোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দেখা গেল এমনই চিত্র। আইনজীবীর পোশাকে আদালতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১০টার কিছু পর মূল দরজা দিয়ে কলকাতা হাইকোর্টে ঢোকেন তিনি। আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক পরেই আদালতে ঢোকেন। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে হাজির মমতা। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করবেন।


ভোট পরবর্তী হিংসার মামলা করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা চলতি বছরের উত্তরপাড়া বিধানসভার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়ের করা মামলার সওয়াল করবেন মমতা। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতা-কর্মীদের ওপর অত্যাচার, দলীয় কার্যালয় ভাঙচুর ও সন্ত্রাসের অভিযোগে মামলা করেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মমতা নিজেই আইনজীবীর ভূমিকায় কোর্ট চত্বরে অবতীর্ণ হন এদিন। তাঁর সঙ্গে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অন্য আইনজীবীদের।


এর আগে, চলতি বছরেই সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়েছিলেন মমতা। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। তবে, সেসময় আইনজীবীর পোশাক পরে নয়, সাধারণ নাগরিক হিসেবেই এসআইআর নিয়ে আদালতে সওয়াল করেছিলেন মমতা। আর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এদিন আবারও আদালতে উপস্থিত হলেন তিনি। তবে, এবার একদম আইনজীবীর পোশাকে। আইনের ডিগ্রি রয়েছে তাঁর। একসময় পেশায় নিযুক্তও ছিলেন। এখনও লাইসেন্স রয়েছে তাঁর।


ভোট সবে মিটেছে। সদ্য হাতছাড়া হয়েছে মমতার চেয়ার। বিপুল জনাদেশ নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে রাজ্যে। এরপরেও প্রথমে পদ ছাড়তে নারাজ ছিলেন মমতা। রাজনৈতিক চক্রান্ত বলে সাংবাদিক বৈঠকে তিনি জানান। কর্মীদের বার্তা দেন মনোবল না হারাতে। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবেন বলেও আশ্বাস দেন। সেদিনই তিনি বলেন, কর্মীদের পাশে দাঁড়াতে তিনি আবার আইনের চর্চা শুরু করবেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আভাস আগেই দিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালেই আবার ময়দানে তৃণমূল সুপ্রিমো। 


 তৃণমূলের তরফে যে বক্তব্য, তা-ই প্রধান বিচারপতির এজলাসে পেশ করবেন মমতা। শীর্ষণ্যর দায়ের করা মামলায় সওয়াল করবেন তিনি। আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হচ্ছে শুনানি। কালীঘাটের বাসভবন থেকে এদিন একেবারে আইনজীবীদের পোশাকেই বেরোন মমতা। সরাসরি এসে নামেন হাইকোর্টে। ভিতরে ঢোকার আগে কোটটি গায়ে চাপিয়ে নেন। সেখানে তাঁকে ঘিরে ভিড়ও জমে যায়। কিন্তু মমতা কোনও দিকে না তাকিয়ে ভিতরে ঢুকে যান। এজলাসে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। আদালতে তিনি কী বলেন, সেদিকেও তাকিয়ে সকলে।

No comments:

Post a Comment

Post Top Ad