কলকাতা: তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে পচা টমেটো ও গোবর ছুড়ে মারলেন উত্তেজিত জনতা। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর উত্তর থানার সামনে এই ঘটনা ঘটে। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওঠে ‘চোর চোর’ স্লোগান।
সোমবার গভীর রাতে রাজারহাটের বাড়ি থেকে প্রথমে সব্যসাচীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সব্যসাচী দত্ত অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ।
তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই সোমবার গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে হানা দেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁকে আদালতে পেশের কথা ছিল। এদিন সকাল থেকেই বিধাননগর উত্তর থানার বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। তাঁদের হাতে ছিল গোবর, পচা টমেটো এবং ডিম। সব্যসাচীকে আদালতে পেশের জন্য থানা থেকে বের করা হলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পচা টমেটো ও গোবর।
কয়েক মুহূর্তের মধ্যে তাঁর জামাকাপড় অপরিষ্কার হয়ে যায়। ওঠে ‘চোর’, ‘তোলাবাজ’ স্লোগান। সেই অবস্থায় তাঁকে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সব্যসাচীর দাবী, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাঁর কথায়, অভিযোগ তো যে কেউ করতে পারে। প্রমাণ হলে আমাকে ফাঁসিকাঠে তুলে দিক।'

No comments:
Post a Comment