উত্তর ২৪ পরগনা: গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তৃণমূল নেতাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে বারাসত থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সব্যসাচী। বিজেপি প্রতিদ্বন্দ্বী শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। জানা গিয়েছে, এক ব্যবসায়ী থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই গ্ৰেফতার তৃণমূল প্রাক্তন বিধায়ক।
সূত্রে জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর থেকে ১ কোটিরও বেশি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার রাতে নিউটাউনে তাঁর ফ্ল্যাট থেকে প্রথমে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন একজন ব্যবসায়ী। তিনি সল্টলেকের বাসিন্দা। তিনিই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, খুনের হুমকি, মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূল নেতা এবং তিনি তা দিয়েও দেন।
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। সোমবার রাতেই নিউটাউনে সব্যসাচীর ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা। প্রাক্তন বিধায়ক তখন সেখানেই ছিলেন। নিজের ফ্ল্যাট থেকেই সব্যসাচীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধেই যায় বলে খবর। তারপরই সব্যসাচীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। তখন তিনি নিজেকে নির্দোষ বলে দাবী করতে থাকেন। যদিও তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায় আর তারপর গভীর রাতেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মেডিক্যালের পর আদালতে তোলা হবে ধৃত তৃণমূল নেতাকে। যদিও পুলিশের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
পালাবদলের পর থেকেই রাজ্যজুড়ে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, প্রাক্তন মন্ত্রী-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হুমকি, মারধর-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এবারে সেই তালিকায় জুড়ল সব্যসাচী দত্তের নাম।

No comments:
Post a Comment