ওয়ার্ল্ড ডেস্ক, ০৩ ফেব্রুয়ারি ২০২৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। এতে করে মার্কিন কৃষি পণ্য বিশাল ভারতীয় বাজারে সম্প্রসারিত হবে এবং এই চুক্তি রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় সহায়তা করবে। মার্কিন আইন প্রণেতারা একথা বলেছেন। সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর জিম রিশ সোমবার এক্সে পোস্ট করেছেন, "ভারতের সাথে বাণিজ্য চুক্তির আজকের উল্লেখযোগ্য অর্জনের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকে অভিনন্দন।" সিনেটর জিম রিশ ভারতকে আমেরিকার এক ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বর্ণনা করে বলেছেন, "এই নতুন চুক্তির আওতায় ভারত আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আমেরিকাকে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় এবং রাশিয়ার জ্বালানি খাতে ভারতের সহায়তা হ্রাস করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করতে সহায়তা করবে।"
মার্কিন কৃষি সচিব ব্রুক রোলিন্স আবারও আমেরিকান কৃষকদের জন্য কাজ করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক্স-তে পোস্ট করেছেন, "নতুন মার্কিন-ভারত চুক্তি ভারতের বিশাল বাজারে অধিক আমেরিকান কৃষি পণ্য রপ্তানি করবে, যাতে দাম বাড়বে এবং গ্রামীণ আমেরিকায় নগদ প্রবাহিত হবে।"
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট সোমবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। সেইসঙ্গে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে কমানোর ঘোষণাও করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথোপকথনের পর ট্রাম্প এই ঘোষণা দেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন। তিনি আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কিনতেও সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এখন কেবল ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছেন। অন্যদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এখনও কার্যকর রয়েছে। হোয়াইট হাউসের একজন আধিকারিক জানিয়েছেন যে, রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, আমেরিকা তাও প্রত্যাহার করবে কারণ রাশিয়া থেকে ভারত তেল কেনা কমিয়ে দিয়েছে। যদিও, তিনি বলেছেন, অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে ভারতকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

No comments:
Post a Comment