প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২০:১৫:৯১ : বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের প্রাক্কালে আদানি গ্রুপ বকেয়া পাওনা পরিশোধের দাবীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-কে একটি চিঠি পাঠিয়েছে। বকেয়া অর্থ পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এর ফলে পিডিবি ও আদানির বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের আর্থিক বিরোধ আবারও তীব্র হয়ে উঠেছে।
প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জানুয়ারি আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানকে চিঠিটি পাঠান। সেখানে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের নিয়মিত কার্যক্রম বজায় রাখতে অবিলম্বে ১১২.৭ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় এক হাজার কোটি টাকারও বেশি) পরিশোধ করতে হবে।
এই মোট বকেয়ার মধ্যে ৫৩.২ মিলিয়ন ডলার গত বছরের জুন পর্যন্ত পাওনা এবং অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য আরও ৫৯.৬ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। আদানির দাবি, একাধিকবার অনুরোধ জানানো সত্ত্বেও পিডিবি এখনো এই অর্থ পরিশোধ করেনি।
চিঠিতে আদানি গ্রুপ জানিয়েছে, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও বকেয়া অর্থের চাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সমস্যা সৃষ্টি করছে। দ্রুত অর্থ পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং অংশীদারদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, বকেয়া অর্থ নিয়ে এ ধরনের বিরোধ নতুন নয়। গত বছরও আদানি গ্রুপ একইভাবে পিডিবিকে চিঠি দিয়ে ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছিল। সে সময় অর্থ না দিলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়। পরে বাংলাদেশ সরকার ওই মাসে প্রায় ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করলেও ডিসেম্বরে আবার বকেয়া বাড়তে শুরু করে। পুরোনো বকেয়া এখনও পুরোপুরি মেটানো হয়নি।
নির্বাচনের আগে বাড়ছে উদ্বেগ
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন ঘিরে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা তুঙ্গে। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত।
এই প্রেক্ষাপটে আদানি গ্রুপের চিঠি নির্বাচনের আগে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

No comments:
Post a Comment