কলকাতা: রবির বিকেলে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অভিনেতার জীবনাবসান। বয়স মাত্র ৪৩ বছর। অভিনেতার অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউ। শোকস্তব্ধ টলিপাড়া। কিন্তু এরই মাঝে উঠে আসছে কিছু প্রশ্ন। জানা গিয়েছে, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন তিনি। দিঘা সংলগ্ন তালসারিতেই জলে নেমে তলিয়ে যান অভিনেতা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা? বিভিন্ন ব্যক্তির মন্তব্যে একাধিক অসঙ্গতি। এই আবহেই অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবী জানালেন অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী।
সমাজমাধ্যমে সুদীপ্তা লিখেছেন, "আমি সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা এবং West Bengal Motion Picture Artists' Forum এর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 315) আমার সহকর্মী Rahul Arunoday Banerjee র শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।"
প্রিয় অভিনেতাকে এভাবে হারিয়ে চোখে জল অনুরাগীদের। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? এর উত্তর পেতে চাইছেন সকলেই। শুটিং সেটে উপস্থিতদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন প্যাকআপ হয়ে গিয়েছিল। কেউ বা বলছেন শুটিং চলাকালীনই দুর্ঘটনা ঘটেছে। তবে সেই সময়ে শট চলছিল না। সমুদ্রের জলেই দাঁড়িয়েছিলেন রাহুল আর তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা। তাঁরা দুজনেই সমুদ্রের দিকে এগোচ্ছিলেন। হঠাৎই টাল সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যান তাঁরা। ক্রু সদস্যরা সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে শ্বেতাকে ধরলেও, সেই সময়ের মধ্যে অনেকটা জল খেয়ে ফেলেন রাহুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকেই বলছেন, যে সময়ে রাহুলকে জল থেকে উদ্ধার করা হয় ও গাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয়, সেই সময়ও তাঁর জ্ঞান ছিল। কথাও বলেছেন।
অন্যরা কেউ আবার বলছে, শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল। তাঁর অনেক সহ অভিনেতা-অভিনেত্রীরা গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছিলেন। সেই সময়েই তাঁরা খবর পান যে, সেটে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু সঠিক কী ঘটেছিল? উত্তর অজানা।
ঘটনায় পুলিশি তদন্ত চলছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটেছে। তমলুক হাসপাতালে রাহুলের দেহ এখনও রয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত হবে, এরপর কলকাতায় নিয়ে আসা হবে দেহ।

No comments:
Post a Comment