রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি, একযোগে ১২ জায়গায় তল্লাশি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 10, 2026

রেশন দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি, একযোগে ১২ জায়গায় তল্লাশি

 


কলকাতা: বিধানসভা নির্বাচনের আর দু'সপ্তাহ বাকি। এই আবহেই রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।


ইডি সূত্রে জানা গিয়েছে, সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল বেরিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ছাড়াও বনগাঁ, মুর্শিদাবাদ ও হাওড়ায় পৌঁছে তল্লাশি শুরু করে। একাধিক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট ঠিকানায় চিরুনি তল্লাশি চলছে। তদন্তকারীরা মূলত রেশন সামগ্রী পাচার, আর্থিক লেনদেন এবং প্রভাবশালী যোগের খোঁজ করছেন।


জানা গিয়েছে, কলকাতার লর্ড সিনহা রোডে এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় তদন্তে ওই ব্যবসায়ীর নাম উঠে আসে বলে ইডি সূত্রে খবর। সেই সূত্রেই তাঁর বাড়িতেও হানা দেয় ইডির একটি দল। কীভাবে রেশনের সামগ্রী বাজারে পাচার হত এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি কলকাতার মিন্টো পার্ক ও পোদ্দার কোর্ট এলাকার একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। 


এছাড়াও রানিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এদিন হানা দেন। রানিগঞ্জে ওই ব্যবসায়ীর পুরনো একটি চালের দোকান থাকলেও এই রাজ্য-সহ দেশের বিভিন্ন রাজ্যে ব্যবসা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে‌। এমনকি বিদেশেও চাল সরবরাহ করেন তিনি। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। 


প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত ঘিরে রাজ্য-রাজনীতি সরগরম হয়েছিল একসময়। এই মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত এবং এবারে হাবড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। সম্প্রতি তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই সময় বালু অর্থাৎ জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বালুকে ফাঁসানো হয়েছে। ওকে হিংসা করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি।'

No comments:

Post a Comment

Post Top Ad