বাস-লরির মুখোমুখি ধাক্কায় মৃত ২, আহত একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 8, 2026

বাস-লরির মুখোমুখি ধাক্কায় মৃত ২, আহত একাধিক

 


নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের। মত গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই দুর্ঘটনা। দুজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন একাধিক জন। এছাড়াও আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। 


স্থানীয় সূত্রে জানা যায়, মালদা থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা ফল বোঝাই একটি লরির মুখোমুখি ধাক্কা লেগে এই ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরিটি ভুল পথে চলে আসায় এই বিপত্তি ঘটে। প্রচণ্ড গতির কারণে মুখোমুখি ধাক্কার অভিঘাত ছিল প্রচণ্ড। বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 


দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বল্লালপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত লরির অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসের বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। জানা গিয়েছে, বাসটির কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 



বেসরকারি বাসের ম্যানেজার মতিউর রহমান বলেন, "সব্জি ভর্তি গাড়িটি হঠাৎই ভুল লেন ধরে আমাদের বাসের মুখোমুখি চলে আসে। তীব্র ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং দু'জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমাদের বাসের সামনের অংশও ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” 


পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত দুই ব্যক্তি লরির চালক ও খালাসি। তবে, বুধবার সকাল পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘাতক লরিটি কলকাতা থেকে মালদার দিকে যাচ্ছিল। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad