“এবার আর ছাড় নয়”, অনুপ্রবেশকারী ও মদতদাতাদের বিরুদ্ধে মোদীর হুঁশিয়ারি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 9, 2026

“এবার আর ছাড় নয়”, অনুপ্রবেশকারী ও মদতদাতাদের বিরুদ্ধে মোদীর হুঁশিয়ারি



কলকাতা, ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৩:০২ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরভূমে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, "অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে এবং যারা তাদের মদত দেয়, তাদের জেলে পাঠানো হবে।" তিনি বলেন, "সরকারি প্রকল্প হোক বা শ্রমের কাজ—অনুপ্রবেশকারীরা কম মজুরিতে কাজ করে স্থানীয় মানুষের কাজ কেড়ে নিচ্ছে। ফলে এখানকার মানুষকে কাজের খোঁজে অন্যত্র যেতে হচ্ছে। এই পরিস্থিতি আর চলবে না।"



তিনি আরও বলেন, রামপুরহাটের অবস্থা সবাই নিজের চোখে দেখছেন, মালদায় সম্প্রতি যা ঘটেছে, তাও গোটা দেশ দেখেছে। তদন্তের কাজে যুক্ত বিচারক পর্যন্ত নিরাপদ নন—এমন পরিস্থিতি থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়া প্রয়োজন। “মা, মাটি, মানুষ”—এর মধ্যে “মা”-এর অবস্থাই সবচেয়ে খারাপ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।



প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মেয়েদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিরও অপমান করতে পারে—এতে তাদের মানসিকতার পরিচয় পাওয়া যায়। আদিবাসী সমাজ ও নারীদের প্রতি এটি অপমানজনক বলেও তিনি মন্তব্য করেন।



তিনি আরও বলেন, বর্তমান শাসনে কাঁচা বোমা তৈরিকে যেন ঘরোয়া শিল্পে পরিণত করা হয়েছে, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে আর চুপ করে থাকা হবে না বলেও তিনি জানান।



তিনি দাবি করেন, বাংলায় দালালচক্রের অবসান ঘটবে। তিনি মানুষের উদ্দেশে আহ্বান জানান, তার দলকে ভোট দিলে রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং সরকারি কর্মীদের বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে। তিনি বলেন, বাংলার মাটির নিচে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু তা লুট হয়ে যাচ্ছে।



শেষে তিনি বলেন, নির্দিষ্ট দিনে পরিবর্তন আসবে এবং নতুন সরকার গঠন হলে বহু উন্নয়ন প্রকল্প চালু হবে। তখন আর কাটমানি বা দালালচক্রের প্রভাব থাকবে না এবং গরিব মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

No comments:

Post a Comment

Post Top Ad