বীরভূম: খোদ পুলিশ কর্মীর বাড়িতেই দুঃসাহসিক চুরি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শান্তিনিকেতন থানার উত্তরনারায়নপুর এলাকায়। ভোটের ডিউটিতে পুলিশ স্বামী বাইরে, এদিকে ফাঁকা বাড়িতে হানা দিয়ে সর্বস্ব চুরি করে পালালল চোরের দল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরনারায়নপুরের বাসিন্দা অনুরাধা দাসের স্বামী পেশায় পুলিশ কর্মী। তাঁরা গত ২২শে এপ্রিল সপরিবারে লাভপুরের দাঁড়কা গ্রামে ভোট দিতে গিয়েছিলেন তাঁরা। এরপর ২৪শে এপ্রিল বাড়ি ফিরে দরজার তালা ভাঙা দেখে স্তম্ভিত হয়ে যান পরিবারের সদস্যরা। বাড়ির ভেতরে ঢুকে তাঁরা দেখেন, আলমারি ভেঙে তছনছ করা হয়েছে এবং সর্বস্ব লুট হয়ে গিয়েছে।
পরিবারের দাবী, আলমারি ভেঙে সোনার গয়না এবং নগদ টাকা মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। অভিযোগকারী অনুরাধা দাস জানান, সাধারণত বাড়িতে এতো গয়না রাখা থাকে না। কিন্তু সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠান থাকায় গয়নাগুলি বাড়িতেই রাখা ছিল। সেই সুযোগই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। অনুরাধা দাসের স্বামী ভোটের ডিউটিতে বাইরে ছিলেন আর সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই রাতের অন্ধকারে চোরেরা এই কীর্তি করে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশের নিজের কর্মীর বাড়িতেই এমন চুরির ঘটনায় সাধারণ মানুষের মনেও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment