তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ধূপগুড়ি, থানার সামনে বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 9, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ধূপগুড়ি, থানার সামনে বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ এপ্রিল ২০২৬: ভোটমুখী বঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে বিজেপি কর্মীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। পাল্টা বিজেপি কর্মীদের ওপর হামলা, মারধরের অভিযোগ তুলে থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির। ব্যবস্থা না নিলে পুলিশকে দেখে নেওয়ার হুমকি, বিজেপি প্রার্থীর। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ধূপগুড়ি। 


ঘটনার সূত্রপাত, বুধবার বিকেলে। ধূপগুড়ির পশ্চিম মাগুরমারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, এদিন পশ্চিম মাগুরমারিতে প্রচার চালাচ্ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। সে সময় এক বিজেপি কর্মী তাঁদের বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূলের এসসি, ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী। প্রথমে ইলিয়াস আলীর সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মী শিবনাথ রায়ের। এরপর আরও কয়েকজন বিজেপি কর্মী এসে ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এদিন সন্ধ্যায় তৃণমূল নেতা ইলিয়াসের স্ত্রী বিজেপি কর্মী শিবনাথ রায়ের বিরুদ্ধে থালায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রাতে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে থানা ঘেরাও করেন। থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, বিজেপি কর্মী শিবনাথ রায়কে আক্রমণ করেছেন তৃণমূল নেতা ইলিয়াস আলী। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এমনকি পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিজেপি প্রার্থী-সহ দলের অন্যান্য নেতারা। 


এইসব নিয়ে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি প্রার্থী ও নেতাদের। ব্যবস্থা না নিলে পুলিশকে হুমকি দিতেও দেখা যায় বিজেপি প্রার্থী সহ নেতাদের। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকালের মধ্যে ইলিয়াসকে গ্রেফতার করা না হলে তাঁরা ধূপগুড়ি অচল করে দেবেন। পাল্টা তৃণমূলের দাবী ,বিজেপির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে তাঁরাও বৃহত্তর আন্দোলনে নামবেন।

No comments:

Post a Comment

Post Top Ad