প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ০১ এপ্রিল ২০২৬, ১৬:১০:০০ : আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা জোট ন্যাটো থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১ এপ্রিল) এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ন্যাটো ছাড়ার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে ভাবছেন এবং ইরান যুদ্ধ শেষ হওয়ার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটো-আমেরিকা সম্পর্ক পর্যালোচনার কথা বলেন।
একটি ব্রিটিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটো তাকে কখনও আকর্ষণ করেনি। তিনি এটিকে গুরুত্বহীন বলে উল্লেখ করে বলেন, খুব বেশি ভাবনার প্রয়োজন নেই—ইরান যুদ্ধ শেষ হলেই তিনি সিদ্ধান্ত জানাবেন। তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দেন।
ট্রাম্প আরও বলেন, ইউক্রেন যুদ্ধ আমেরিকার যুদ্ধ ছিল না, বরং এটি ইউরোপের যুদ্ধ। তবুও আমেরিকা ইউক্রেনকে সমর্থন দিয়েছে। কিন্তু যখন আমেরিকার প্রয়োজন হয়েছে, তখন অন্যরা পাশে দাঁড়ায়নি এবং দেশটি একা হয়ে পড়েছে।
তিনি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ও ন্যাটোর শক্তি সম্পর্কে জানেন, তাই রাশিয়া এই জোটকে তেমন গুরুত্ব দেয় না। ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার-এর সমালোচনা করে বলেন, ব্রিটেনের নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং তারা শুধুমাত্র শক্তি সাশ্রয়ের দিকে মন দিচ্ছে, যা কোনো ফল দেবে না।
অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার বলেন, এই যুদ্ধ তাদের নয়। তিনি দেশের জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এমন কোনো সংঘাতে জড়াতে চান না, যার সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক নেই।
এছাড়া ন্যাটোর অন্যান্য সদস্য দেশ—ফ্রান্স, জার্মানি ও ইতালিও এই বিষয়ে আমেরিকাকে সমর্থন দেয়নি। তারা এই সংঘাতকে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখিয়ে নিজেদের দূরে রেখেছে।

No comments:
Post a Comment