নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ এপ্রিল ২০২৬; তৃণমূলকে তীব্র আক্রমণ হুমায়ূন কবিরের, বিতর্কিত মন্তব্য আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের। মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে কটাক্ষ, ভিডিও ফাঁস ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।
বীরভূম জেলার দীঘলগ্রাম মেলার মাঠে শুক্রবার এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ূন কবির। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ূন কবির সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। একই সঙ্গে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও নিশানা করেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ বলেছেন, আমরা বলছি ৪ঠা মে-র পর তাঁকে ছাগল বানাবো।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এদিনের সভা থেকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবী, জেলার উন্নয়নের নামে একাধিক অনিয়ম হয়েছে এবং সাধারণ মানুষ তার ফল ভুগছেন। ভিডিও ফাঁস বিতর্ক নিয়েও মুখ খোলেন হুমায়ূন কবির।
তিনি বলেন, “যা ছড়ানো হয়েছে তার কিছু অংশ সত্যি হলেও বাকিটা সম্পূর্ণ মিথ্যা। এআই প্রযুক্তি ব্যবহার করে সেটাকে বিকৃত করা হয়েছে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এর পিছনে তৃণমূলের চক্রান্ত থাকতে পারে এবং বিজেপির কোনও নেতার সঙ্গে তার কথোপকথনের প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পাশাপাশি তিনি এও স্পষ্ট করে জানান, এই ঘটনায় তিনি আইনি পথেও হাঁটবেন এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দীঘলগ্রামের এই জনসভা ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়তে শুরু করেছে। নির্বাচনের আগে এ ধরণের তীব্র বাকযুদ্ধ যে আরও বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, এদিনের সভায় উপস্থিত থেকে তাঁকে সংবর্ধনা জানান বোলপুর বিধানসভার দলের প্রার্থী সৈয়দ সারওয়াদি। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অন্যান্য প্রার্থীরাও।

No comments:
Post a Comment