কলকাতা: ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই জয়েয় পরেই ভবানীপুরের মানুষকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সমাজমাধ্যমে পোস্টে এক বার্তায় অমিত শাহ লিখেছেন, 'ভবানীপুরের মানুষকে কুর্নিশ। তাঁদের রায় স্পষ্ট করে দিয়েছে, একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে চলেছে।'
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান প্রায় ১৫,১১৪ ভোট। পাশাপাশি, পবিত্র করকে হারিয়ে নন্দীগ্রাম থেকেও জয়ী হয়েছেন শুভেন্দু।
রাজ্য জুড়ে কার্যত গেরুয়া ঝড়ে খড়কুটোর মত উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। ২৯৩ আসনের মধ্যে ২০৬ আসনে জয়ী পদ্মশিবির। তৃণমূল জিতেছে ৭৯ কেন্দ্রে।বাংলা জয়ের জন্য রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন শাহ। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, "বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। এটি তৃণমূলের ‘ভয়’-এর ওপর নরেন্দ্র মোদী জির প্রতি ‘ভরসা’র জয়।"
তিনি লেখেন, 'বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনও দিন ভুলতে পারবে না।'
বিপুল এই জয়ের জন্য দলীয় কর্মীদের প্রশংসায় ভরিয়েছেন শাহ। তিনি লেখেন, 'বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েননি।'
সবশেষে তাঁর বার্তা, 'বাংলা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের ওপর এই বিশ্বাস রেখেছে, আমরা অবশ্যই তা পূরণ করব।'

No comments:
Post a Comment