নতুন দিল্লী: বাংলায় গেরুয়া ঝড়। তৃণমূলের বড়-বড় রথী-মহারথীদের ফুৎকারে উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। অন্যদিকে আসামেও পদ্মের জয়জয়কার। কিন্তু এই আবহেই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তিনি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশনের সহায়তায় দুটো রাজ্যেই ভোট চুরি করেছে বিজেপি। তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বিষয়েও একমত পোষণ করেন যে, পশ্চিমবঙ্গের নির্বাচনে ১০০টিরও বেশি আসন চুরি হয়েছে।
সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেল পোস্টে রাহুল গান্ধী লেখেন, "আসাম এবং পশ্চিমবঙ্গ স্পষ্ট উদাহরণ যেখানে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের সহায়তায় ভোট চুরি করেছে। আমরা মমতা জির সঙ্গে একমত যে, ১০০টিরও বেশি আসন চুরি হয়েছে বাংলায়।" রাহুল গান্ধী আরও লেখেন, "আমরা এর আগেও মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং আরও অনেক নির্বাচনে ভোট চুরির এই পদ্ধতি দেখেছি।" নিজের পোস্টের শেষে রাহুল গান্ধী লিখেছেন, "নির্বাচন চুরি, সংস্থা চুরি—এখন আর কী-ই বা করার আছে?"
এর আগে, অন্য একটি পোস্টে রাহুল গান্ধী তামিলনাড়ু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নতুন রাজনৈতিক তারকা থালাপতি বিজয়ের সঙ্গে তাঁর কথোপকথনের তথ্য শেয়ার করেন। তিনি লিখেছেন, "আমি থিরু বিজয়ের সঙ্গে কথা বলেছি এবং টিভিকে-র চমৎকার ফলাফলের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। এই জনরায় যুবদের ক্রমবর্ধমান কণ্ঠস্বরকে প্রতিফলিত করে, যাকে উপেক্ষা করা যায় না এবং করা যাবেও না।"
এরপর তিনি লিখেছেন, "তামিলনাড়ু ও পুদুচেরির কংগ্রেস কর্মীদের তাঁদের কঠোর পরিশ্রম ও সমর্থনের জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আমি আবারও বলছি যে, কংগ্রেস পার্টি তামিলনাড়ু ও পুদুচেরির জনগণকে রক্ষা ও সেবা করে যাবে।"

No comments:
Post a Comment