নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৯ জুন ২০২৬: পুকুর ভাসমান অবস্থায় উদ্ধার নিখোঁজ কিশোরের মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা এলাকায়। এদিন বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরের জলে ভাসমান অবস্থায় ১৫ বছর বয়সী এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম রোহিত শেখ, বয়স ১৫ বছর। বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৩নং ওয়ার্ডের তুঁতাড়ি এলাকায়। পরিবার সূত্রে খবর, রবিবার বিকালের পর থেকে রোহিত নিখোঁজ ছিল। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও হদিশ পাননি। সারারাত দুঃশ্চিন্তায় কাটে তাঁর পরিবারের।
এরপর সোমবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এক পুকুরের মধ্যে রোহিতকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। এই খবর পেয়ে তাঁর পরিবারের লোকেরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃত কিশোরের দাদা আকাশ শেখ জানায়, তাঁর ভাইয়ের মৃগী রোগ ছিল। সম্ভবত সে বিকালে শৌচকর্ম করে জল ব্যবহার করতে পুকুরে গিয়েছিল। ওই সময় তার মৃগীরোগ ওঠায় পুকুরের জলে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক সেই কারণে মৃত্যু, নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। এদিকে ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

No comments:
Post a Comment