নিজস্ব সংবাদদাতা, মালদা: তৃণমূল নেতা তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দুই গ্রামবাসীর। থানায় অভিযোগ জানালেও কোনও লাভ না হওয়ায় জেলার পুলিশ সুপার, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গ্রামের দুটি পরিবার। মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ঘটনা। বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি থানার অধীন, গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার বাসিন্দা, রামকৃষ্ণ ঘোষ ও রাজেশ মণ্ডলের অভিযোগ, তাঁদের কুড়ি শতক জায়গা দখল করেছেন কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির সদস্য বিউটি মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা পিন্টু মণ্ডল। আরও অভিযোগ, এই নিয়ে প্রতিবাদ করলে তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এতদিন তৃণমূলের সরকার ছিল সেই কারণে বারবার অভিযোগ জানিও কোনও লাভ হয়নি। তৃণমূলের সরকার থাকার কারণে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
তাঁদের বক্তব্য, তাঁরা মোথাবাড়ি থানায় এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না। বাধ্য হয়েই পুলিশ সুপার জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। তাঁদের এও অভিযোগ, ওই তৃণমূল নেতার দাপটে এলাকায় শান্তিতে থাকতে পারছেন না তাঁরা।
এদিকে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ওই তৃণমূল নেতা পিন্টু মণ্ডল বা তাঁর স্ত্রী বিউটি মণ্ডলের সাথে যোগাযোগ করা যায়নি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'গায়ের জোরে একাজ হলে পুলিশ আছে, পুলিশ দেখবে।'
অন্যদিকে বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, 'তৃণমূলের আমলে জমি দখল তোলাবাজি সহ একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জমি দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি' নিয়েছেন।' প্রশাসনের কাছে তাঁর আর্জি, এই ধরণের ঘটনা মোথাবাড়িতে ঘটে থাকলে অভিযুক্তর বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং যার জমি তাঁকে যেন ফিরিয়ে দেওয়া হয়।

No comments:
Post a Comment