'আশ্বাস এলেই অনশন ভাঙব', হাসপাতাল থেকে সরকারের উদ্দেশে সোনমের বার্তা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 22, 2026

'আশ্বাস এলেই অনশন ভাঙব', হাসপাতাল থেকে সরকারের উদ্দেশে সোনমের বার্তা


 হাসপাতালেই এখনও অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। NEET প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা এবং ছাত্রদের বিভিন্ন দাবিকে সামনে রেখে তিনি অনশনে বসেছিলেন দিল্লির যন্তর মন্তরে। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও অনশন ভাঙেননি।

সম্প্রতি তিনি কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংহকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, দুই মন্ত্রী হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আলোচনায় তাঁরা কয়েকটি বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন ওয়াংচুক।

চিঠিতে তিনি উল্লেখ করেন, তাঁর প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—NEET প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, সংসদে প্রশ্নফাঁস নিয়ে অর্থবহ আলোচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের আচরণেরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং এতে অংশ নেওয়া ছাত্রছাত্রী বা আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ বা আইনি হয়রানি না করা হয়।

সোনম ওয়াংচুক আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ তাঁকে চিঠি লিখে বা দেখা করে অনশন ভাঙার অনুরোধ করেছেন। তিনি বলেন, তিনি বাঁচতে চান, আবার ছাত্রছাত্রীদের কাছে ও শিক্ষাক্ষেত্রে ফিরে যেতে চান। তবে যে তরুণ প্রজন্ম এই আন্দোলনের সূচনা করেছে, তাদের স্বার্থ উপেক্ষা করে তিনি অনশন ভাঙতে চান না।

সরকারের উদ্দেশে তাঁর আবেদন, সরকার যদি লিখিতভাবে আশ্বাস দেয়, তাহলে তিনি অনশন প্রত্যাহার করবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রছাত্রীদেরও আপাতত আন্দোলন স্থগিত রেখে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাবেন।

No comments:

Post a Comment

Post Top Ad