কলকাতা: নজরে কয়লা দুর্নীতি। কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের জিরো কোল লিকেজ উদ্যোগের অংশ হিসেবে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করল সিআইএসএফ।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গের কয়লা খনি অঞ্চলগুলোতে অবৈধ খনন, চুরি, মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডেও অভিযান চালানো হয়। আর দুই রাজ্যে অভিযান চালিয়ে উদ্ধার ৪২৮ মেট্রিক টনেরও বেশি কয়লা।
খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৫৭ -এর অধীনে এই দুই রাজ্যে চিরুনি তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, গত ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। সেই অভিযানেই ৪২৮.৩৪ মেট্রিক টনেরও বেশি কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। ৪টি এফআইআর দায়ের করা হয়েছে। আর অভিযান চালানোর সময় একটি ট্রাক, ১৩টিরও বেশি মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। বিসিসিএল, ইসিএল এবং সিসিএল-এর কয়লা খনি অঞ্চলগুলিতে এই অভিযান চালানো হয়।
সিআইএসএফ সম্পূর্ণ অপারেশনটি সফল করতে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করেছে। কয়লা পাচার রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে মানুষের নজরদারির পাশাপাশি ড্রোন সার্ভিল্যান্স, আকস্মিক পরিদর্শন এবং ট্রানজিট-রুট মনিটরিংয়ের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দেশের মূল্যবান খনিজ সম্পদ রক্ষা এবং জাতীয় সম্পত্তি সুরক্ষায় আগামিদিনেও এই ধরণের অভিযান জারি রাখবে বলে জানিয়েছে সিআইএসএফ।
পাঁচ দিনের এই অভিযানের পর খনি এলাকাগুলিতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের আমলে বাংলায় অবৈধভাবে কয়লা উত্তোলন, কয়লা পাচারের অভিযোগ বারবার উঠেছে। কয়লা পাচারে নাম জড়িয়েছে তৃণমূলের নেতাদের। এমনকি, নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। রাজ্যে পালাবদলের পরই সিআইএসএফ যেভাবে অভিযানে নেমেছে, তাতে অবৈধ কয়লা খনন বন্ধ হবে বলে অনেকেই আশাবাদী।
উল্লেখ্য, সিআইএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তারা মূলত সরকারি বিভিন্ন স্পর্শকাতর এরিয়া অর্থাৎ বিমানবন্দর, মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকে। তবে এবারে কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে সিআইএসএফকে নতুন ক্ষমতা দেওয়া হল। এই নতুন ক্ষমতার ফলে এবার থেকে সিআইএসএফ সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারবে। এতদিন তাদের এই ক্ষমতা ছিল না।

No comments:
Post a Comment