'তাঁর সুর আগামী দিনেও---', কিংবদন্তি গায়িকা এস জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 12, 2026

'তাঁর সুর আগামী দিনেও---', কিংবদন্তি গায়িকা এস জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর


ন্যাশনাল ডেস্ক, ১২ জুলাই ২০২৬: প্রখ্যাত প্লেব্যাক গায়িকা এস. জানকী আম্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চলে যাওয়াকে সঙ্গীত ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। রবিবার (১২ জুলাই) এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন যে, প্রখ্যাত প্লেব্যাক গায়িকা এস. জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।


জানকী আম্মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী লেখেন যে, বিভিন্ন ভাষায় গাওয়া তাঁর গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জনপ্রিয় ছিল। তিনি অতুলনীয় সৌন্দর্য ও বৈচিত্র্যের সাথে প্রতিটি অনুভূতিকে কণ্ঠ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন যে, "তাঁর সুর আগামী দিনেও শ্রোতাদের মুগ্ধ করে যাবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, ভক্ত এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।"



এস. জানকী আম্মা দক্ষিণ ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন। তাঁর ভক্তরা তাঁকে ভালোবেসে জানকী আম্মা বলে ডাকতেন। এস. জানকী ২০ বছর বয়সে তাঁর সঙ্গীত জীবন শুরু করেন। তিনি ৪৮,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন। তিনি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি সহ প্রায় ২০টি ভাষায় গান গেয়েছেন।


জানকী আম্মা ১৯৫৭ সালের তামিল চলচ্চিত্র 'বিধিন ভিলায়াত্তু'-তে প্লেব্যাক গায়িকা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি এবং তাঁর কর্মজীবন জুড়ে ২০টি ভাষায় গান গেয়েছেন। উল্লেখ্য, জানকী আম্মার সঙ্গীত জীবন প্রায় ৬০ বছর ধরে বিস্তৃত ছিল।


পদ্মভূষণ গ্রহণে অস্বীকৃতি-

গায়িকা এস. জানকী ২০১৩ সালে পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন এই যুক্তিতে যে, তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্নের জন্য বিবেচনা করা উচিৎ। তিনি আরও বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারের পাশাপাশি চারবার শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন।


প্রসঙ্গত, শিল্পী এস. জানকী বার্ধক্যজনিত অসুস্থতায় শনিবার মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad