নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ওড়িশা থেকে খড়গপুরে গাঁজা পাচারের ছক বানচাল। জালে এক। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওড়িশা থেকে খড়গপুরে পাচারের আগেই ১১ কেজি গাঁজা উদ্ধার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে ওড়িশা থেকে গাঁজা পাচার হবে। এরপর সোমবার রাতে বেলিয়াবেড়া থানার ওসি নিলু মণ্ডলের নেতৃত্বে যুগডিহা এলাকায় জোরদার নাকা চেকিং শুরু হয়। সেই সময় চারচাকা গাড়িতে আসা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালালে তার কাছ থেকে প্রায় ১১ কেজি গাজা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম গোষ্ঠা বিহারী ঘোষ। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাজা ওড়িশা থেকে খড়গপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। ধৃতকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানে এই সাফল্যে এলাকাবাসীও খুশি।

No comments:
Post a Comment