কলকাতা: 'পুরো দলটাই চোর আর ওনার নেতৃত্বেই চোরেরা বেড়েছে', রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতাকে একের পর এক তোপ দাগেন তিনি। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজিকে সম্মান জানাতে গিয়ে 'চোর' স্লোগান শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পদ্ম শিবিরের কয়েকজন নেতা অবমাননাকর মন্তব্য করছেন-এই অভিযোগ তুলে মঙ্গলবার শ্যামবাজারে নেতাজি মুর্তির তলায় প্রতিবাদ কর্মসূচিতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে আচমকা কয়েকজন হাজির হয়ে তৃণমূল সুপ্রিমোকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে জোড়াফুল শিবির।
সেই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন, 'হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ই তো নেতাজিকে নেতাজি বানিয়েছেন!' মন্ত্রী বলেন, দিল্লীর বুকে নেতাজির মূর্তি মোদীজি স্থাপন করেছেন। সারা বিশ্বে নিয়ে গিয়েছেন। উনি (মমতা) কোথাও কোথাও নেতাজির নাম নিয়ে ওনার রাজনীতি চমকেছেন খালি।'
এরপরেই দিলীপের মন্তব্য, 'হঠাৎ দেশপ্রেমিক হতে যাবেন না। যখন ডজন ডজন লোককে খুন করা হয়েছিল, কারও বাড়িতে উনি যাননি। আজ হঠাৎ কারও বাড়িতে গিয়ে সমবেদনা দেখাচ্ছেন। লোকে হজম করতে পারছে না এটা। তো করুন ঠিক আছে, চোর শুনতে হবে, এটা তো ঠিকই ছিল। পুরো পার্টিটাই চোর আর ওনার নেতৃত্বেই চোরেরা বেড়েছে। কেউ যদি চোর স্লোগান দেয় তাহলে অসুবিধা কী!'
দিলীপ ঘোষ বলেন, 'জয় শ্রী রাম বললে উনি জেলে ভরে দিতেন। আজ চোর শুনতে কেমন লাগছে! প্রাক্তন সাংসদ-বিধায়করা জেলে গেছেন। আর এনার সব ওনার অনুপ্রেরণায় কাজ করেছেন। কেউ যদি বলে থাকেন, শুনে নিন একটু। সহ্য করার ক্ষমতা বাড়ান। কোনও দিন তো সহ্য করলেন না কিছু। মানুষের মুখ কে বন্ধ করবে!'
তিনি আরও বলেন, 'হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ৩০ হাজার কোটি টাকা জলজীবন মিশনে চলে গেল, কারও বাড়িতে জল পৌঁছল না। তো চোর কে? উনিই তো মুখিয়া ছিলেন।' '১০০ দিনের টাকা লুট হতো, আবাস যোজনার টাকা পেতো না, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিল। সেই টাকাগুলো কোথায় গেছে? কে লুট করেছে? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। কোনও দিন কাউকে ধরেছেন?' প্রশ্ন দিলীপের।
তিনি বলেন, 'কোনও প্রধান ধরা পড়লে দল তাকে শোকজ করত। তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা কখনও হয়নি। তা কে শিখিয়েছেন?' চোরেদের রানি উনি, এটা তো সবাই জানে। এটা আমি বলিনি, এটা কুণাল ঘোষ বলেছিলেন। আজ যদি পাবলিক সেটা বলে তাহলে খারাপ কী আছে!'

No comments:
Post a Comment