নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দার্জিলিং স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকো শেডের একাংশ। বুধবার এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ করে লোকো শেডের কাঠের ছাদের একটি অংশ ভেঙে পড়ে যায়, যার নিচে চাপা পড়ে আহত হন ৭ জন কর্মী। এরপরেই ৪ টি জয় রাইড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, ঘটনার সময় লোকো শেডে কাজ করছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। আচমকা ছাদ ভেঙে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দ্রুত অন্যান্য কর্মীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত লোকো শেডের মেরামতির কাজ শুরু হয়েছে। দার্জিলিং স্টেশনের ঠিক উল্টো দিকে ওই ইঞ্জিন শেডে মূলত টয় ট্রেনের ইঞ্জিন রাখা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় ইঞ্জিন শেডের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “রাত থেকে প্রবল বৃষ্টি চলছে। সকালে লোকো শেডের একাংশ ভেঙে পড়ে। রেলকর্মী এবং স্থানীয়েরা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম হলেও সকলকেই চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কী কারণে হঠাৎ করে হেরিটেজ লোকো শেডের কাঠের ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পরিকাঠামোয় এই দুর্ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। লোকো শেডের রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কি না, নাকি দীর্ঘদিনের পুরনো কাঠামোর দুর্বলতার কারণেই ঘটল এই বিপত্তি, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

No comments:
Post a Comment