উপকূলে অর্ণবের প্রভাব! মুষলধারে বৃষ্টি, অন্ধকার সুন্দরবন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, September 24, 2026

উপকূলে অর্ণবের প্রভাব! মুষলধারে বৃষ্টি, অন্ধকার সুন্দরবন


নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৪ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় অর্ণবের প্রভাব পড়তে শুরু করেছে। সরাসরি ঝড়ের দেখা না মিললেও‌ এদিন সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আবহাওয়া দফতরের সতর্কতার পর সুন্দরবন জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। নদীঘাট ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। মৈপীঠ কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকেও নদীঘাট সংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ক্যানিং বাসস্ট্যান্ড এলাকাতেও রাত থেকে সকাল পর্যন্ত মাইকিং চালানো হয়েছে।


গঙ্গাসাগর-সহ সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকায়ও শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে নদীপথে দমকা হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়লে ফেরি পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসনের পক্ষ থেকে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। মৎস্যজীবী ও নদীপথে যাতায়াতকারীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আবহাওয়া দফতর (আইএমডি) ইতিমধ্যেই জানিয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে অবস্থানরত নিম্নচাপটি ক্রমাগত পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।


যদিও ঘূর্ণিঝড় 'অর্ণব' আপাতত 'রিজার্ভ' বা প্রভাবহীন অবস্থায় রয়েছে, তবুও এর ফলে সৃষ্ট নিম্নচাপের ধাক্কায় পূর্ব মেদিনীপুর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরর ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘা, শঙ্করপুর, জুনপুট ও পেটুয়াঘাটসহ আশপাশের এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রের পরিস্থিতি বেশ বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad