ছানা কারখানায় খাদ্য দফতরের হানা! কড়া নির্দেশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, September 7, 2026

ছানা কারখানায় খাদ্য দফতরের হানা! কড়া নির্দেশ


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ০৭ সেপ্টেম্বর ২০২৬: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া নজরদারি। পৌর এলাকায় অভিযানের পরেই ধূপগুড়ির প্রত্যন্ত গ্রামে ছানা কারখানায় খাদ্য দফতরের হানা। কালিরহাটের বিদ্যালয় পাড়া এলাকায় স্থানীয় ছানা ব্যবসায়ী ভজন ঘোষের ছানা তৈরির কারখানায় আচমকাই হানা দেয় খাদ্য সুরক্ষা দফতর। 


রাজ্যের বিভিন্ন জেলা সদর ও পৌরসভা এলাকায় খাদ্য সুরক্ষা দফতরের একের পর এক আচমকা অভিযানে কার্যত চক্ষু চড়কগাছ ব্যবসায়ী মহলে। বড় বড় রেস্তোরাঁ, হোটেল থেকে শুরু করে মিষ্টির দোকান ও ছানা তৈরির কারখানায় হানা দিতেই উঠে আসছে নানান অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের ছবি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও ইতিমধ্যেই একাধিক ছানা তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঁচটি কারখানার মালিককে শোকজ নোটিশও পাঠানো হয়েছে প্রশাসনের তরফে। এবার ধূপগুড়ি পৌর এলাকা পেরিয়ে খাদ্য সুরক্ষা দফতরের নজর পড়ল একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কারখানায়।


কালিরহাটের বিদ্যালয় পাড়া এলাকায় স্থানীয় ছানা ব্যবসায়ী ভজন ঘোষের ছানা তৈরির কারখানায় আচমকাই হানা দেয় খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে সামিল ছিলেন ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টের পুলিশকর্মী, ধূপগুড়ি বিডিও, ধূপগুড়ি মহকুমা প্রশাসনের ডিএমডিসি এবং জলপাইগুড়ি খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।


এদিনের অভিযানে কারখানার পরিবেশ, খাদ্য তৈরির পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীকে খাদ্য সুরক্ষা বিধি মেনে ছানা উৎপাদন ও ব্যবসা পরিচালনার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, কারখানা চত্বর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাদ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাদ্য সুরক্ষা দফতরের নির্ধারিত যাবতীয় নথিপত্র দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।


মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা নিয়ে প্রশাসনের এই ধারাবাহিক অভিযান কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের। বিশেষ করে গ্রামীণ এলাকায় গড়ে ওঠা ছোট-বড় খাদ্য উৎপাদন কেন্দ্রগুলিতে আগামী দিনে নজরদারি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad