চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণের একাধিক জেলায় হলুদ-কমলা সতর্কতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, September 10, 2026

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণের একাধিক জেলায় হলুদ-কমলা সতর্কতা

 


কলকাতা: একে তো গুমোট গরমে নাজেহাল দশা। মাঝেমধ্যে আবার বৃষ্টির খামখেয়ালি। এদিকে বৃষ্টি যখনই বন্ধ হচ্ছে, অস্বস্তি বেড়ে যেন দ্বিগুণ হচ্ছে। তবে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও এর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে বলে খবর। বৃহস্পতিবার জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস।


উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ বৃহস্পতিবার একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরেই আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। 


ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। হাওয়া অফিসের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ঝড়ের জন্য উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


তবে, আজ কলকাতায় সকাল থেকে রোদ ঝলমনে পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝেমধ্যে মেঘের দেখা মিলবে। আজ কলকাতায় এক-দুই পশলা বৃষ্টি হতে পারে। তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।


অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোথাও এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।


উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি বর্তমানে মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad