শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, September 20, 2026

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা

 


কলকাতা: ছুটির সকালেই ঘনিয়ে এল আঁধার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি। দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে, এমনই খবর। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। উপকূল জেলাগুলি তো অবশ্যই, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর 


হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। আগামী দু'দিনে সেটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় দুর্যোগ চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝড়ের হতে পারে। কলকাতাতেও দুর্যোগ চলবে। একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।


হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার। এর প্রভাবে শীঘ্রই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সোমবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ক্রমে পশ্চিমে সরতে সরতে বুধবার সকালের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে গভীর নিম্নচাপ। এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি চলতে পারে।


হাওয়া অফিস জানিয়েছে, আজ (রবিবারর) কলকাতা, হাওড়া, হুগলি-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আঁধার ঘনিয়েছে। ঝেঁপে বৃষ্টিও হয়েছে একাধিক এলাকায়। দিনভর জায়গায় জায়গায় এমনই পরিস্থিতি থাকবে। সোমবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না। তবে দুর্যোগ বাড়তে পারে মঙ্গলবার থেকে। ২২ তারিখ থেকে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড়-জলের প্রভাব দেখা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।


দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রায় সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন হলুদ সতর্কতা থাকবে।


আগামী সপ্তাহভর নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার দুর্যোগ আরও বাড়বে জেলাগুলিতে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


নিম্নচাপের কারণে সমুদ্রও উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সোমবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গের উপকূলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার ফলে সমুদ্র উত্তাল থাকবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যে গিয়েছেন, সোমবারের মধ্যেই তাঁদের ফিরে আসতে হবে উপকূলে।


অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত কমেছে বৃষ্টি। তবে বুধবার থেকে আবার তা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়িতে এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এট চলবে শনিবার পর্যন্ত। এছাড়াও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

No comments:

Post a Comment

Post Top Ad