'অর্ণবে'র তাণ্ডবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, October 28, 2026

'অর্ণবে'র তাণ্ডবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ


ন্যাশনাল ডেস্ক, ২৮ অক্টোবর ২০২৬: প্রচণ্ড শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অর্ণব। এর 'ল্যান্ডফল' প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকেই। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরির ইয়ানামের কাছে এর স্থলভাগে প্রবেশের সূত্রপাত হয় রাত প্রায় ১টা নাগাদ। ঝড়ের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। এরপর থেকে গত কয়েক ঘন্টা ধরে চলেছে সেই 'ল্যান্ডফল' প্রক্রিয়া। আইএমডি-র তরফে জানানো হয়েছে, সেই প্রক্রিয়া বুধবার জারি থাকবে। 


এদিকে 'অর্ণবে'র তাণ্ডবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। জারি করা হয়েছে ভারী সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে।


সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, অন্ধ্রের উপকূলে ঝড় হচ্ছে ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগে। সর্বোচ্চ ১৪০ কিমি প্রতি ঘন্টা গতিবেগের কথাও জানানো হয়েছে। এর ফলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  



জানা গিয়েছে, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির জেরে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা। ইয়ানামের কাছে জাতীয় সড়ক গাছ উপড়ে পড়ার কথাও জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, তাঁদের প্রশাসন সতর্ক রয়েছে। দু'হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র আগে থেকেই প্রস্তুত করা হয়েছে।


এনডিআরএফ কমান্ডার ঈশ্বর রাও গাড়ে বলেন, "গত রাতের ঝড়ের কারণে একটি বড় বটগাছ পড়ে গেছে; আমরা সেটি সরাতে এসেছি। হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল, যার ফলে অনেক গাছ পড়ে যায়। এই বাড়ি এবং আরও তিনটি বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এনডিআরএফ দলগুলো বর্তমানে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে। আমাদের দলে ৩০ জন সদস্য রয়েছেন। না, কোনও হতাহতের ঘটনা ঘটেনি; সবাই নিরাপদ আছেন। বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এখন আমরা বাড়ির ওপর থেকে গাছটি সরাচ্ছি।"


এদিকে, সমুদ্র উত্তাল থাকায় ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গের উপকূলেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এমনকি, সোমবার রাতের মধ্যেই মৎস্যজীবীদের ট্রলার নিয়ে ফিরে আসতে বলা হয়। গত দু'দিন ধরেই দিঘা, মন্দারমণি ও শঙ্করপুরে পুলিশের পক্ষ থেকে অর্ণব ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করে মাইকিং শুরু করা হয়েছে। মৎস্যজীবীদের যেমন ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে, তেমনই সমুদ্র থেকে পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার বার্তা দেওয়া হয়েছে। 


অন্যদিকে, ওড়িশাতেও পড়েছে অর্ণবের প্রভাব। সকাল ১০টায় সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সৈকতের সকালের ছবিতে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় অর্ণবের তীব্রতা বৃদ্ধির কারণে সমুদ্র উত্তাল, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই 'অত্যন্ত তীব্র' ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল উপকূলের খুব কাছে রয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad