নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। জলপাইগুড়ির পাতকাটা অগ্রণী সঙ্ঘ ক্লাব ও পাঠাগারের বিশেষ চমক এবারের দুর্গাপুজোয়। জলপাইগুড়ির শহরতলী এলাকায় থাকা বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে বরাবরই আকর্ষণীয় এই ক্লাবের পুজো। পাতকাটা অগ্রণী সঙ্ঘ ক্লাব ও পাঠাগারে মূলত বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ও সরঞ্জাম দিয়ে পুজো মণ্ডপ গড়ে তোলা হয় প্রতিবছর। এবারও তার অন্যথা হচ্ছে না। বাঁশ, কাঠ, কাপড়ের পাশাপাশি আকর্ষণীয় মণ্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে সুপারির খোল ও হোগলা পাতা-সহ বিভিন্ন ধরনের শুকনো ফল। সবমিলিয়ে মণ্ডপসজ্জায় বিশেষ চমক থাকছে জলপাইগুড়ির আকর্ষণীয় এই পুজোয়। ৬৯ তম বর্ষে এবার দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে দুর্গাপুজোর মণ্ডপ গড়ে তোলা হয়েছে এখানে।
পুজো উদ্যোক্তারা জানান, দর্শনার্থীদের নজর কাড়তে প্রায় ৮০ ফুট উঁচু এবং ৫৫ ফুট চওড়া বিশাল মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী লক্ষ্মণ বর্মন। দেবী প্রতিমা তৈরি করছেন শিল্পী বিজন পাল। পুজো মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দিনরাত এক করে জোরকদমে চলছে মণ্ডপের ভেতরের কারুকাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠছে তিরুপতি বালাজি মন্দির। জানা গেছে, এবার এই পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। সব মিলিয়ে এবার শহরতলীর দুর্গাপুজোয় জলপাইগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে পাতকাটা অগ্রণী সঙ্ঘের এই পুজোমণ্ডপ।
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে কুণাল রায় বলেন, 'প্রতিবছরই পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে পুজো মণ্ডপ গড়ে দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকে আমাদের। এবারও তার ব্যতিক্রম নয়। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের অনুকরণে মণ্ডপ গড়ে তোলা হচ্ছে এবার।'

No comments:
Post a Comment