নির্বাচনে প্রার্থী হয়েছিলেন! এবারে পুলিশের জালে ঝাড়গ্রামের তৃণমূল নেতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, October 30, 2026

নির্বাচনে প্রার্থী হয়েছিলেন! এবারে পুলিশের জালে ঝাড়গ্রামের তৃণমূল নেতা

 


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্ৰেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম অজিত মাহাতো। বৃহস্পতিবার রাতে তাঁকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। উল্লেখ্য,তিনি বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে। বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঝাড়গ্রামের ওই তৃণমূল নেতা অজিত মাহাতোকে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস (২৪), পিতা লক্ষ্মীকান্ত দাস, তাঁর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা জানিয়ে তাঁকে বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অভিযুক্তকে দেন ওই যুবক। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। এমনকি, দেওয়া টাকাও ফেরত পাননি ওই যুবক। অভিযোগকারীর আরও দাবী, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং অতিরিক্ত ২ লক্ষ টাকা দাবী করেন অভিযুক্ত। 


শুধু তাই নয়, একই কায়দায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে আরও একাধিক বেকার যুবকের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এই অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানায় গত ২৯ তারিখ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২)/৩১৮(৪)/৩০৮(৫)/৩৫১(৩)/১১১(৩)/৬১(২) ধারায় রুজু করা হয়েছে। এরপরেই ঘটনার তদন্তে নামে ঝাড়গ্রাম থানার পুলিশ। 


তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত অজিত মাহাতোকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, একইভাবে আরও কতজন যুবক প্রতারণার শিকার হয়েছেন, অর্থ লেনদেনের প্রকৃত তথ্য এবং আত্মসাৎ করা টাকা কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad