কলকাতা, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৪৫:০১ : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে ইলেকশন কমিশনের সাম্প্রতিক ইঙ্গিত ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
প্রথমে ধারণা করা হয়েছিল, প্রায় ৬০ লক্ষ নিষ্পত্তিহীন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে। তবে পরবর্তী সময়ে কমিশন সূত্রে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা ফাইনাল তালিকায় সকলের নামই থাকবে, কিন্তু তিনটি ভাগে, ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘আন্ডার অ্যাডজুডিকেশন’।
অর্থাৎ, যাঁদের নাম এখনও যাচাইয়ের মধ্যে রয়েছে, তাঁরাও তালিকায় থাকবেন, তবে আলাদা ক্যাটেগরিতে। নতুন ভোটারদের মধ্যে ফর্ম ৬-এর মাধ্যমে অনুমোদিত নামগুলি ‘অ্যাপ্রুভড’ তালিকায় যুক্ত হবে যার সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার বলে জানা যাচ্ছে।
এছাড়াও, যেসব নামের যাচাই পরে সম্পূর্ণ হবে, সেগুলি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। যদিও এই অতিরিক্ত তালিকা কবে বা কত দফায় প্রকাশ পাবে, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন। ফলে যাঁদের নাম এখনও নিষ্পত্তির অপেক্ষায়, তাঁদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যাচাই প্রক্রিয়ার গতির ওপর।
উল্লেখ্য, প্রায় ১ কোটি ২০ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ এবং ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের তথ্য ঘিরে জট তৈরি হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ নাম যাচাই করা হচ্ছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে গঠিত কমিটির মাধ্যমে।

No comments:
Post a Comment