প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫:০১ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে মে ২০২৫-এ ভারত–পাকিস্তান সামরিক উত্তেজনার প্রসঙ্গ তুলে বড় দাবী করেন। তিনি বলেন, তাঁর হস্তক্ষেপে একাধিক যুদ্ধ থেমেছে, এমনকি ভারত–পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক সংঘর্ষও এড়ানো গেছে। তবে বক্তব্য দিতে গিয়ে একটি শব্দচ্যুতি হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
ভাষণে ট্রাম্প বলেন, তাঁর প্রথম ১০ মাসে তিনি ৮টি যুদ্ধ থামিয়েছেন, এর মধ্যে ভারত ও পাকিস্তানের সংঘাতও ছিল। তিনি দাবী করেন, পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত। এরপর তিনি বলেন, “৩৫ মিলিয়ন মানুষ বলেছে, আমি মধ্যস্থতা না করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন।”
এখানেই বিভ্রান্তির সূত্রপাত। ট্রাম্পের বক্তব্য শুনে মনে হয় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর মৃত্যুর কথা বলছেন। কিন্তু বাস্তবে তিনি বোঝাতে চেয়েছিলেন, শাহবাজ শরিফ নাকি বলেছেন, ট্রাম্পের হস্তক্ষেপ না হলে প্রায় ৩.৫ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারত। অর্থাৎ, ‘পাক প্রধানমন্ত্রী মারা যেতেন’ নয়, বরং ‘৩৫ মিলিয়ন মানুষের জীবন ঝুঁকিতে ছিল’—এটাই ছিল মূল বার্তা।
ট্রাম্পের কথার এই সামান্য ভুল উচ্চারণ দ্রুতই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই শিরোনাম করেন “ট্রাম্পের দাবী, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন তিনি।” ফলে বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়।
হোয়াইট হাউস ঘনিষ্ঠ সূত্র ও ভাষণের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী, ট্রাম্প আসলে পাকিস্তানের পক্ষ থেকে তাঁর ভূমিকাকে প্রশংসা করার কথাই উল্লেখ করছিলেন। সেখানে বলা হয়েছিল, তাঁর মধ্যস্থতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

No comments:
Post a Comment