অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন? কী জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 11, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন? কী জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা?

 


কলকাতা: রাজ্যে ১লা জুন থেকেই কার্যকর হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন? না কি কারো নাম বাদ যাবে? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এবারে এই বিষয়ে খোলসা করলেন রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পল। 


সোমবার দায়িত্ব পাওয়ার পর নিজের দফতরে যান মন্ত্রী অগ্নিমিত্রা পল। সেখানেই সাংবাদিকদের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন? জবাবে মন্ত্রী বলেন, "সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে।" তিনি জানান মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, ১ জুন থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 


কিন্তু, এক্ষেত্রে কয়েকটি জিনিস অবশ্যই দেখে নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, এখনও কিছুদিন সময় আছে জুন মাস আসতে। তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের নাম বাদ যাবে।" সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা যোগ্য, অথচ এখনও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাও পাবেন। 


উল্লেখ্য, এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ, সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতর। অনগ্রসর দফতরের মন্ত্রী হচ্ছেন ক্ষুদিরাম টুডু। খাদ্যমন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিকের হাতে থাকছে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।

No comments:

Post a Comment

Post Top Ad