তারেকের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদী, ভারতের প্রতিনিধিত্ব করবেন কে? দেখুন বড় আপডেট - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, February 15, 2026

তারেকের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদী, ভারতের প্রতিনিধিত্ব করবেন কে? দেখুন বড় আপডেট


ন্যাশনাল ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: সদ্য ফলাফল বেরিয়েছে বাংলাদেশ নির্বাচনের। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এবারে নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পালা, যার প্রস্তুতি জোরকদমে চলছে পদ্মাপাড়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তথা বিএনপি প্রধান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠান। এতে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 


এএনআই সূত্রের বরাত দিয়ে রবিবার জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে থাকবেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিও। 



২০২৬ সালের সাধারণ নির্বাচনে দলের ব্যাপক জয়ের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ভারত সহ ১৩টি দেশের নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু একই দিনে মুম্বাইতে ইমানুয়েল ম্যাক্রনের সাথে পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা কম, মত ব্যবস্থাপনা সম্পর্কে অবগত আধিকারিকদের। 


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি ঢাকায় পরবর্তী সরকার গঠন করতে চলেছে। এই ফলাফলের মাধ্যমে প্রায় দুই দশক পর দলটি ক্ষমতায় ফিরেছে, তারেক রহমান দলের পূর্ব ঘোষণা অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।


নির্বাচন কমিশনের মতে, এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থীরা ২০৯টি আসনে জয়লাভ করেছেন এবং দুটি আসনে এগিয়ে আছেন যেখানে ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। দলের সহযোগীরা অতিরিক্ত তিনটি আসন পেয়েছে, যার ফলে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন সংখ্যা ২১২টিতে দাঁড়িয়েছে।


তুলনামূলকভাবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে, যেখানে ১১ দলীয় জোটের সহযোগীরা আরও নয়টি আসন হাসিল করেছে, যার ফলে তাদের সম্মিলিত আসন সংখ্যা ৭৭টিতে দাঁড়িয়েছে।


প্রতিবেশী দেশে বিএনপির জয়ের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বিএনপি দল জয়ের পর অভিনন্দন বার্তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছে। এক্স-এ একটি পোস্টে বলা হয়েছে, "মাননীয় @narendramodi, অনেক-অনেক ধন্যবাদ। আমরা জাতীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয় নিশ্চিত করার জন্য তারেক রহমানের নেতৃত্বের প্রতি আপনার সদয় স্বীকৃতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।"


উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে বড় ধরণের অস্থিরতা তৈরি হয়। ছাত্র আন্দোলন সহিংসতার রূপ নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং তিনি ভারতে চলে আসেন। হাসিনা সরকারের পতনের পর থেকেই নয়াদিল্লী ও ঢাকার মধ্যে সম্পর্কের ওঠানামা চলতে থাকে। এই আবহেই এমন ঘটনা। 


এদিকে, হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল বিএনপি, এখন ঢাকায় ক্ষমতা দখল করেছে। আগামী দিনগুলিতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক গতিপথ কোনদিকে বাঁক নেয়, সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad