ন্যাশনাল ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: 'মা' এই শব্দটির জন্য আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি গর্ভধারিণী, জন্মদাত্রী। সন্তানের জন্য মা সবকিছু করতে পারেন। কিন্তু সেই মা-ই যদি সন্তানের প্রাণ কেড়ে নেয়! শুনতে অবাক লাগলেও এমন এক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। তিন শিশুকন্যাকে বলপূর্বক বিষ পান করিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার একটি আদিবাসী এলাকায়। অভিযোগ, ওই মা তাঁর তিন ছোট্ট মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় সাত, পাঁচ এবং তিন বছর বয়সী তিন বোনের মৃত্যু হয়েছে। মহিলা বেঁচে গেলেও তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, আম্বুয়া থানার ইনচার্জ মোহন দাওয়ার জানিয়েছেন যে, ঘটনাটি আদওয়াদা গ্রামের মফিদার ফালিয়ায় ঘটেছে। অভিযুক্ত মহিলা তাঁর মেয়ে সাবিত্রী, কার্তিকা এবং দিব্যাকে জোর করে কীটনাশক খাওয়ান এবং তারপর নিজেও খেয়ে নেন।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ চারজনকে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই একজন মেয়েকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুই মেয়ের অবস্থার অবনতি হয় এবং তাদের গুজরাটের দাহোদে রেফার করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তাদের মৃত্যু হয়।
পুলিশি তদন্তে জানা গেছে যে, মহিলার স্বামী গত এক মাস ধরে শ্রমিকের কাজে গুজরাটে ছিলেন। সেই সময় এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, ঘটনাটি পারিবারিক কলহের কারণে ঘটেছে, তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে এবং এই ভয়াবহ ঘটনার পিছনে আসল উদ্দেশ্য নির্ধারণের জন্য মৃত শিশুদের বাবা এবং অন্যান্য আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করছে। এদিকে এই ভয়ঙ্কর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

No comments:
Post a Comment