ন্যাশনাল ডেস্ক, ০২ মার্চ ২০২৬: তিন যুবকের লালসার শিকার স্কুল ছাত্রী। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ৩ জন যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ। নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি জেলার কাপ্রেন থানার অন্তর্গত একটি গ্রামে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ওই পড়ুয়া বোর্ড পরীক্ষা শেষে স্কুল থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েটি বর্তমানে কোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে পৌঁছালে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে কোটার জেকে লোন মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালে রেফার করেন। শনিবার পুলিশ তার বক্তব্য রেকর্ড করে এলাকার ৩ জন চিহ্নিত যুবকের বিরুদ্ধে পকসো আইনে গণধর্ষণের মামলা দায়ের করে।
কাপ্রেনের ডিএসপি অশোক যোশী বলেন, ছাত্রীর বাবা-মায়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, সে যখন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল, তখন পরিচিত ৩ জন যুবক তার কাছে আসে এবং তাদের মধ্যে একজন তাকে জল পান করতে দেয়। জল পান করার পর, সে অর্ধচেতন অবস্থায় পড়ে যায় এবং সেইসময় ৩ জন যুবক তাকে কিছুটা দূরে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডিএসপি জানান, ছাত্রীটির পরিচিত একজন পথচারী তাকে সাহায্য করে এবং তার দিদার বাড়িতে নিয়ে যায়। সেখানেই নির্যাতিতা তার যন্ত্রণার কথা খুলে বলে। তিনি আরও বলেন, শনিবার নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক তিন অভিযুক্ত, ওই যুবকদের এখনও আটক করা হয়নি। তদন্তের স্বার্থে ডিএসপি তাদের নাম প্রকাশ করতেও অস্বীকৃতি জানান।

No comments:
Post a Comment