কলকাতা: 'রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই', রবিবাসরীয় বিকেলে আচমকাই আসে এই দুঃসংবাদ। চিরতরে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না কেউই; শোকে মূহ্যমান বিনোদন দুনিয়া থেকে শুরু করে দর্শকমহল। দিঘায় শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সংলগ্ন তালসারিতে সমুদ্রে নেমে তলিয়ে যান। টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। প্রাথমিক খবর, জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। সহকর্মী থেকে অনুরাগীরা রাহুলের আকস্মিক প্রয়াণে শোকে মর্মাহত। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চলে যাওয়া বাংলা অভিনয় জগতে অপূরণীয় ক্ষতি, শোকপ্রকাশ করে লিখেছেন মুখ্যমন্ত্রী।
এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।"
"তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।" - বার্তা মুখ্যমন্ত্রীর।
রবিবার ছুটির দিন কাটাতে যখন সবাই ব্যস্ত, ঠিক তখনই এই চমকে দেওয়ার মত দুঃসংবাদ। সমাজমাধ্যমের পাতায় শুধুই রাহুলের চলে যাওয়ার কথা। সহকর্মী থেকে অনুরাগীদের শোকের ঢেউ। বড়-ছোট সব তারকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বাকরুদ্ধ, শোকস্তব্ধ।
দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাট্য জগতে রাহুলের প্রবেশ খুব ছোট্ট বয়সে। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে ঠাকুরমার ঝুলি নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল। 'চিরদিনই তুমি যে আমার' নামে ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন রাহুল।
বর্তমানে 'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকে কাজ করছিলেন রাহুল। ধারাবাহিকে তাঁর চরিত্রটি বেশ উপভোগ করছিলেন দর্শকরাও। এর মাঝেই এই মর্মান্তিক ঘটনায় টলিপাড়া যেন থমকে গিয়েছে। ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন টলিপাড়ার চেনাজানা সব মুখ থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা। অভিনেতার মৃত্যু, সাহিত্য ও সিনেমা জগতে এটি অপূরনীয় একটি ক্ষতি সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চোখের জলে প্রিয় অভিনেতাকে বিদায় জানাচ্ছেন অনুরাগীরা।


No comments:
Post a Comment