'জনিকেই চাই'! প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ কংগ্রেসে, ভাংচুর-আগুন-অবরোধ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, March 29, 2026

'জনিকেই চাই'! প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ কংগ্রেসে, ভাংচুর-আগুন-অবরোধ


নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৯ মার্চ ২০২৬: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূল ও বিজেপিতে বিক্ষোভের আগুন জ্বলতে দেখা গিয়েছিল। সেই আঁচ লাগল হাত শিবিরেও। রবিবার কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তুমুল বিক্ষোভ মালদার চাঁচলে। কংগ্রেস কর্মীদের দাবী ছিল আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে। কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবকে। তারপরেই দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। কার্যালয়ের সামনে তরলতলা মোড়ে আসবাবপত্র, টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। 


প্রার্থী বদলের দাবীতে এই বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কংগ্রেস নেতা-কর্মীদের অভিযোগ, জেলা সভাপতি ঈশা খান টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে আসিফ মেহেবুবকে প্রার্থী করেছে। সম্পূর্ণ তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই প্রার্থী। তাই প্রার্থী বদল না করলে এই বিক্ষোভ আরও বাড়বে। 


বিক্ষোভকারী রিপন আলী বলেন, "প্রার্থী বদলের দাবীতে আমরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছি। আসিফ মেহেবুবকে আমরা প্রার্থী হিসেবে মানছি না। আনজারুল হক জনিকেই আমরা প্রার্থী হিসেবে চাই। নাহলে রাস্তা থেকে উঠব না।"


চাঁচল ব্লক কমিটির সদস্য দীপক দাস বলেন, "আনজারুল হক জনি মাটির স্তর থেকে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাঁকে প্রার্থী না করে জনগণের থেকে যিনি বিচ্ছিন্ন তাঁকে জেলা কমিটি প্রার্থী হিসেবে ঘোষণা করল। ১২ টি অঞ্চলের বুথ সভাপতি থেকে অঞ্চল সভাপতি আজ এই বিক্ষোভে সামিল হয়েছেন।" তাঁর কথায়, "আমাদের একটাই দাবী, জেলা কমিটির কাছে করজোড়ে আবেদন, আসিফ মেহেবুবকে প্রত্যাহার করে আনজারুল হক জনিকে ৪৫ নং বিধানসভায় প্রার্থী করা হোক। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"


অন্যদিকে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব বলেন, "আমার সবার কাছে আবেদন, যাঁরা হতাশ হয়েছেন তাঁরা যদি কংগ্রেস হয়ে থাকেন, কংগ্রেস দলের নিয়ম সবই তাঁরা জানেন। নিশ্চয়ই পাশে থাকবেন, এটা আমি মনে করি।"

No comments:

Post a Comment

Post Top Ad