পুরুলিয়া: মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার ছক? এই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। এর পাশাপাশি পুরুলিয়ার সভামঞ্চ থেকে বিজেপি ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার (২৯ মার্চ ২০২৬) সভামঞ্চ থেকে মমতা বলেন, "দিল্লীর চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। আমি একটা ক্ষমতা চাই মানুষের ক্ষমতা।"
কলকাতায় এসে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অমিত শাহ বলেন, "ভোট এলেই উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিকটিম কার্ড খেলেন। কখনও পা ভাঙা, কখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা, কখনও অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা বুঝে গিয়েছেন।" এই নিয়ে এদিন চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা।
অমিত শাহর মন্তব্যের পাল্টা তিনি বলেন, "বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ। আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও হাসপাতালে গিয়ে ডাক্তারের রিপোর্টগুলো নাও। লজ্জা করে না!" তিনি বলেন, "আমার ওপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না?" এরপরেই তাঁর মন্তব্য, "তোমরাও আগেরবার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারার প্ল্যান করছ নাকি! এসব কথা বলার মানে কি?"
মমতার কথায়, 'কেউ কারও চরিত্র হনন করার আগে কোনও পরিকল্পনা করে।' অমিত শাহর নাম না নিয়ে তিনি বলেন, "কি দাঙ্গাবাজ পরিকল্পনা করছ নাকি কিছু? ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে উনি কোনও পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন রাখে কৃষ্ণ মারে কে! আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন।"
এর পাশাপাশি বিজেপিকে হাঁদা ভোঁদার দল, গর্ধশক্তির দল বলেও কটাক্ষ করেন মমতা। তিনি এও বলেন, "পড়াশোনা-খেলাধুলা করে না, শুধু মিথ্যা কথা বলে। ভোটকাটারি দাঙ্গাকারী সংবিধান হত্যাকারী বিজেপি। ভোট কেটেছো, তোমাদের কেউ এবার ভোট দেবে না।"
আজ, রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে পুরুলিয়ার মানবাজারে পাথরকাটা ফুটবল ময়দানে সভা করেন। এবার পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। প্রচার মঞ্চ থেকেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment