১২ কিমি দৌড়ে অভিষেকের সভায় তৃণমূল প্রার্থী, জনসংযোগে চমক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 25, 2026

১২ কিমি দৌড়ে অভিষেকের সভায় তৃণমূল প্রার্থী, জনসংযোগে চমক


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ ২০২৬: পরনে হাফপ্যান্ট আর গেঞ্জি‌। প্রায় ১২ কিলোমিটার দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে পৌঁছলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বুধবার দাঁতনের ঘোলাই এলাকায় দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মনোহরপুর থেকে দাঁতন বাজার হয়ে দৌড়ে তিনি পৌঁছান ঘোলাই এলাকায়। 


প্রসঙ্গত কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রামজীবন মান্ডি। একদিকে তিনি শিক্ষক, অন্যদিকে ক্রীড়াবিদও। প্রতিদিনই শরীরচর্চা করেন তিনি। ভোটে দাঁড়ানোর আগে বিভিন্ন দূরপাল্লার রোড রেস প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন। একাধিক পুরস্কারও পেয়েছেন। আর এদিন একদিকে জনসংযোগ অন্যদিকে শরীরচর্চার অঙ্গ হিসেবে তিনি দৌড়ে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে। শুধু তাই নয় রাস্তার মাঝে যাঁদের সঙ্গে দেখা হয়েছে, শরীর চর্চার বার্তার পাশাপাশি নির্বাচনের অংশ হিসেবে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। 


তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি বলেন, "দাদাকে স্বাগত জানানোর জন্য মনোহরপুর থেকে ঘোলাই পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা দৌড়ালাম। পাশাপাশি যুব সমাজকে সামাজিকতার বার্তা দিলাম।" তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের হার্ট থ্রব। দলের সেনাপতি তিনি। আজ দাঁতনে এসেছেন। সকলকে উৎসাহিত করতেই আমার এই মিনি ম্যারাথন।" তিনি জানান, মনোহরপুর দলীয় কার্যালয় থেকে ঘোলাই মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দৌড়ে আসতে তাঁর ৫০ মিনিট সময় লেগেছে।



বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যেখানে গাড়ি কিংবা বাইক ব্যবহার করছেন সেখানে একজন খেলোয়াড় হয়ে তিনি দৌড়কে বেছে নিয়েছেন জনসংযোগের পথ হিসেবে, বিষয়টা নজর কেড়েছে অনেকেরই। শুধু তাই নয় বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সেরেছেন প্রার্থী। 


বঙ্গের ইতিহাসে এই প্রথমবার কোনও রাজনৈতিক দলের প্রার্থী গাড়ি ব্যবহার না করে দৌড়ে জনসভার মাঠ পরিদর্শন করতে গেলেন। এই অভিনব কৌশল দেখে কার্যত হতবাক জেলার রাজনৈতিক মহলের একাংশ-সহ স্থানীয়রা। একেবারে অভিনব কায়দায় জননেতার জনসভাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী রামজীবন মান্ডি।

No comments:

Post a Comment

Post Top Ad