বঙ্গে রাহুলের ঝড়ো প্রচার, মাঝেই নীরব মোদি বিতর্কে তীব্র রাজনৈতিক সংঘাত - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

বঙ্গে রাহুলের ঝড়ো প্রচার, মাঝেই নীরব মোদি বিতর্কে তীব্র রাজনৈতিক সংঘাত


 আজ বাংলার ভোটের ময়দানে প্রচারে নামলেন রাহুল গান্ধী। দিনভর তাঁর টানা তিনটি জনসভা রয়েছে। প্রথমে হুগলির শ্রীরামপুরে দলীয় নেতৃত্ব ও প্রার্থীদের নিয়ে সভা করেন তিনি। সেখান থেকে উড়ে এসে কলকাতার শহিদ মিনার চত্বরে দ্বিতীয় সভায় যোগ দেন। দিনের শেষ কর্মসূচি মেটিয়াবুরুজে।

এই প্রচারপর্বের মাঝেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন, পলাতক ব্যবসায়ী নীরব মোদির একটি ব্যাঙ্ক সংক্রান্ত নথিতে নাকি রাহুল গান্ধীর স্বাক্ষর রয়েছে। সেই সঙ্গে তীব্র কটাক্ষও করেন তিনি।

অন্যদিকে কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

এদিনই কলকাতায় এসে দলের দুই সাংসদ প্রমোদ তিওয়ারি ও অখিলেশ প্রসাদ সিং দাবি করেন, রাজ্যে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস। দীর্ঘ সময় পর তারা এককভাবে লড়াই করছে বলেও জানান। তাঁদের কথায়, রাজ্যের রাজনীতিতে এখন দুটি বড় শক্তির পাশাপাশি কংগ্রেসও বিকল্প হিসেবে উঠে আসছে এবং ভবিষ্যতে নির্ণায়ক জায়গায় পৌঁছাতে পারে।

প্রমোদ তিওয়ারি বাংলার দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসের কথা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাতেই যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পাশাপাশি রাজ্যের শাসকদলকেও দুর্নীতি, হিংসা ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে নিশানা করেন তিনি।

অন্যদিকে অখিলেশ প্রসাদ সিংয়ের দাবি, কংগ্রেস ছাড়া রাজ্যে কোনও স্থায়ী সরকার গঠন সম্ভব নয় এবং শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের মতো ক্ষেত্রে রাজ্য অনেকটাই পিছিয়ে পড়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad