কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে আবার সক্রিয় ইডি। ভোটের ৪ দিন আগে অর্থাৎ শনিবার সাত সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার একাধিক জায়গায় চলছে ইডির হানা। ইডির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। কোটি কোটি টাকার রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, কলকাতা, হাবড়া এবং বর্ধমানের কিছু জায়গাতে ইডি অভিযানে নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্তত নয়টি জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি চলছে বলে খবর।
জানা গিয়েছে, ব্যবসায়ী সাগর সাহা ও রাজীব সাহার বাড়ির পাশাপাশি সাগর সাহার ব্যবসায়ীক স্থলেও চলছে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান। এছাড়াও হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়িতে হানা দিয়েছে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে তাঁর নাম উঠে এসেছে।দীর্ঘদিন ধরেই চাল ব্যবসার সঙ্গে যুক্ত সমীর চন্দের নাম রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বলে দাবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কোন জায়গা থেকে চাল কেনা হয়, কী দামে তা কেনা-বেচা হয় এবং মান্ডিতে কী দামে সরবরাহ করা হয়, এই সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতে হাবড়া শ্রীনগর রোডে সাগর সাহার বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর তরফে ব্যবসায়ীর বাড়ির চারপাশ ঘিরে রাখা হয়। প্রথমে কিছুক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হলেও পরবর্তীতে সাগর সাহার বাড়িও ভিতরে ঢুকে ইডি আধিকারিকরা ব্যবসায়ীর পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন।
উল্লেখ্য, হাবড়া বিধানসভায় এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এর আগে কেন্দ্রীয় সংস্থা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
এবারে ফের রেশন দুর্নীতি মামলায় ইডি সক্রিয় হয়েছে। শনিবার সকালে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করেন। বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক জায়গায় চলছে অভিযান। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় অনেকের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই হাবড়ার তিনজন চাল ব্যবসায়ীর বাড়িতে এদিন হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, রেশনের সামগ্রী কালোবাজারি করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের পাশাপাশি কালো টাকা সাদা করার ঘটনাও সামনে এসেছে। এছাড়া, পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ীও ইডি-র নজরে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বুধবার ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১৪২টি আসনের ভোটগ্রহণ। হাবড়াতেও এদিন ভোট। ভোট গণনা হবে ৪ঠা মে।


No comments:
Post a Comment