নিজেকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছিলেন, এবারে কংগ্রেসের পতাকা ধরলেন হুমায়ূনের দলের প্রার্থী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 20, 2026

নিজেকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছিলেন, এবারে কংগ্রেসের পতাকা ধরলেন হুমায়ূনের দলের প্রার্থী


মালদা, ২০ এপ্রিল: কয়েকদিন আগেই সংবাদ সম্মেলন করে নিজেকে ভোট না দেওয়ার আবেদন করেছিলেন। দলীয় পদ এমনকি দল ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন। এবারে কংগ্রেসে যোগ দিলেন হুমায়ুন কবিরের দলের প্রার্থী তৌহিদুর রহমান। সোমবার মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করেন আম জনতা উন্নয়ন দলের প্রার্থী মহম্মদ তৌহিদুর রহমান। 


হুমায়ুন কবিরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে তার আঁতাতের অভিযোগ তুলে তার দলের একাধিক নেতৃত্বরা দল ত্যাগ করেন। সেই ধারা অব্যাহত রেখেই মানিকচক বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়ন দলের প্রার্থী মহম্মদ তৌহিদুর রহমান গত তিনদিন আগে (১৭ এপিল) সাংবাদিক বৈঠক করে দল ত্যাগ করেন। আর আজ কংগ্রেসে যোগদান করলেন তিনি। ভোটের মুখে এমন ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 


এদিন হাত শিবিরে যোগদানের পর তোহিদুর রহমান বলেন, "প্রতিটা দলের একটা মতাদর্শ থাকে। আমার মতাদর্শের সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির কোনও প্রকার মিল নেই। আমি প্রথমে এই দলে যোগ দিলেও পরবর্তীতে বুঝতে পারি এটা ধর্ম ভিত্তিক একটি রাজনৈতিক দল। আমার মতো একজন শিক্ষিত যুবক কখনই সাম্প্রদায়িক শক্তিকে কখনই আশ্রয় দেয় না এবং সাম্প্রদায়িকতায় কখনও বিশ্বাস করে না।"


তাঁর কথায়, "আমার মনে হয়েছে বাংলা তথা ভারতবর্ষের বুকে যদি কোনও সাম্প্রদায়িক মুক্ত দল হয়, তাহলে সেটা হল একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস। এইজন্য জাতীয় কংগ্রেসে যোগ দান করলাম।"


যোগদান প্রসঙ্গে সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, "আমরা খুব খুশি। আজ আমাদের জেলা দফতরে মহম্মদ তোহিদুর রহমান যোগ দিলেন কংগ্রেসে। তিনি মানিকচকের আম জনতা উন্নয়ন দলের প্রার্থী ছিলেন। ১৭ তারিখ তিনি সেই দল ছেড়েছিলেন এবং আজ কংগ্রেসে যোগ দিলেন।" তাঁর কথায়, "কংগ্রেসের নীতি দেখেই তাঁর এই যোগদান। আম জনতা উন্নয়ন দল ধর্ম ভিত্তিক। জনগণের উন্নয়নের জন্য তিনি এই দলে যোগদান করলেন।"


প্রসঙ্গত, ১৭ তারিখ সংবাদ সম্মেলনে মহম্মদ তৌহিদুর বলেছিলেন, "সাম্প্রতিক সময়ে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমার পরিষ্কার ধারণা, সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড়ো চক্রান্ত চলছিল। আমি সেই চক্রান্তের অংশ হতে চাই না। বিবেক দংশন থেকেই আমি দল ও পদ থেকে ইস্তফা দিচ্ছি।"


তিনি আরও বলেন, "মানিকচকবাসীর কাছে আমার আবেদন, 'আমি বাদে' আপনারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।"

No comments:

Post a Comment

Post Top Ad