'ঝাঁটাটা হাতের নাগালে রাখুন---', সভামঞ্চ থেকে কি পরামর্শ অভিষেকের? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 20, 2026

'ঝাঁটাটা হাতের নাগালে রাখুন---', সভামঞ্চ থেকে কি পরামর্শ অভিষেকের?


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: প্রচারের শেষ লগ্নে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার চন্দ্রকোনা ও ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে চন্দ্রকোনা বসনছোড়া ফুটবল ময়দানে জনসভা করেন অভিষেক। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত দোলই এবং ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দার।  


এদিন চন্দ্রকোনায় রাজ্য সরকারের একাধিক কাজের কথা তুলে ধরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেইসঙ্গে পদ্ম শিবিরকে নিশানা করে তিনি বলেন, "বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা দেব, কেউ পেয়েছেন চন্দ্রকোনা-ঘাটালে? গরিব মানুষের ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। জল, সর্বশিক্ষা মিশন, রাস্তা সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আমরা মাছ খাই বলে ব্যঙ্গ-বিদ্রুপ হচ্ছে। বাংলায় কথা বলি বলে বাংলা ভাষাকে অস্বীকার করা হচ্ছে।"


তিনি বলেন, "পশ্চিম মেদিনীপুর জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। রানী রাসমণিকে বলছে রানী রাসমতি। তপসিলিদের ওপর সব থেকে বেশি অত্যাচার হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে। সব কটা রাজ্যই বিজেপি শাসিত।"


অভিষেক বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্ন এলাকাবাসীর ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। তাই আপনাদের তৃণমূলকে আশীর্বাদ করে জেতাতে হবে।' রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, "ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর খেতিয়া ব্রিজ তৈরি করেছে রাজ্য সরকার। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মোহনপুর এলাকায় শিলাবতী নদীর উপর ব্রিজ তৈরি হয়েছে। চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের খুড়সি গ্রামে শিলাবতী নদীর উপর ব্রিজ তৈরি হয়েছে। প্রতিটি গ্রামে পঞ্চায়েত স্তরে এবং পৌর এলাকায় পর্যাপ্ত পরিমাণে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে।"


অভিষেক বলেন, "যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, তারাও লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিলাপ করে যুবসাথীর টাকা পেয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সাফল্য।" আলু ও সারের দাম নিয়েও কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "নরেন্দ্র মোদীকে বলব, আপনি বৃথা কান্না না কেঁদে চাষীদের জন্য সারের দাম কমান। তাঁর প্রতিশ্রুতি, 'আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন। আগামী বছর যদি ফলন বেশি হয় কোনও চাষীকে অভাবে বিক্রি করতে হবে না। আমাদের সরকার ন্যায্য দামে সেই আলু কিনে নেবে।'


তিনি আরও বলেন, 'আমাদের সরকার কৃষি বাজেট পেশ করার কথা বলেছে। প্রতি বছর ত্রিশ হাজার কোটি টাকা আলাদা কৃষকদের জন্য বিধানসভায় কৃষি বাজেট পেশ করা হবে। বাংলা জুড়ে ৫০ টা নতুন হিমঘর তৈরি করা হবে। যারা মিথ্যে কথা রটাচ্ছে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, কোনও নিষেধাজ্ঞা নেই। ১৪ই মার্চ কৃষক দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে পোস্ট করে বলে দিয়েছেন আলু রপ্তানির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।'


তাঁর কটাক্ষ, 'নরেন্দ্র মোদী আলু চাষিদের জন্য বলেছিলেন মাল গাড়ি চালাব। দুটো মাল গাড়ি চালিয়ে নয় জুলাই ২০২১ এ বন্ধ করে দিয়েছেন। এই হচ্ছে বিজেপির আসল রূপ।' 


অভিষেক বলেন, 'মায়েদের বলব ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। যদি বিজেপির নেতা-কর্মীরা আসেন, তাহলে তাঁদের ঝাঁটা দিয়ে ঘর-দুয়ার পরিষ্কার করান। কাজে লাগান। ৪ঠা মে-এর পর এদের আর দেখতে পাবেন না তো। আর ভাইদের বলব, চুল-দাড়ি কেটো না। শীতল কপাটের দলের লোকদের দিয়ে চুল-দাড়ি কাটাও। যা কাজ করার করিও নাও, ৪ তারিখের পর আর এদের দেখতে পাবেন না।'


মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। আমাদের সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা দিয়েছে, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে। আমরা ভেবে কথা দিই, কথা দিলে কথা রাখি। ২০০ কোটি টাকায় ইতিমধ্যেই বরাদ্দ হয়ে জমি অধিগ্রহণে থেকে কাজ শুরু হয়েছে।"


তিনি বলেন, "বিজেপি চায় না ঘাটাল মাস্টারপ্ল্যান হোক। বিজেপি যদি এখানে জেতে তাহলে সবার আগে ঘাটাল মাস্টারপ্ল্যান বন্ধ করবে। আমরা নিজেদের কোষাগার থেকে টাকা দিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করেছি। স্বপ্ন পূরণ হতে চলেছে।"


অভিষেকের সংযোজন, "তৃণমূল এমন একজনকে চন্দ্রকোনায় প্রার্থী করেছে, যে নিজে কৃষক পরিবারের ছেলে। কৃষক পরিবারের ছেলের থেকে কৃষকদের দুঃখ-দুর্দশা কেউ ভালো জানবে না। আলু চাষীদের সূর্য দোলইয়ের থেকে ভালো কেউ চেনেন না। আমি নিজে সরাসরি আগামী দিন সূর্য দোলুই এবং শ্যামলী সর্দারের সাথে যোগাযোগে থাকব। আমার লোকসভা কেন্দ্রকে আমি যেমন আগলে রাখি, ঘাটাল-চন্দ্রকোনাকেও আমি সেই ভাবেই আগলে রাখব। আমি সভা মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে গেলাম।"

No comments:

Post a Comment

Post Top Ad