প্রয়াত রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, শোক প্রকাশ মমতার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, May 19, 2026

প্রয়াত রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, শোক প্রকাশ মমতার

 


কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামীকাল বুধবার সকাল ১১টায় কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর শেষকৃত্য, একথা নিজেই সমাজমাধ্যম পোস্টে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। 


জানা গিয়েছে, ভোটের সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অঞ্জনা। তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। পরবর্তীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু গত ৩-৪ দিন আগে ফের অসুস্থ হন তিনি। তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এদিন সমাজমাধ্যম পোস্টে মমতা লেখেন, “তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভ্রাতৃপ্রতিম শ্রী রাজীব ব্যানার্জীর অর্ধাঙ্গিনী শ্রীমতী অঞ্জনা ব্যানার্জীর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।” তিনি আরও লেখেন, “আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক জানাচ্ছি।”


অঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সমাজমাধ্যম পোস্টে তিনি লেখেন, "মাননীয়া শ্রীমতী অঞ্জনা ব্যানার্জীর অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।"


তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তাঁর এই আচমকা চলে যাওয়া রাজনৈতিক মহলেও গভীর শোকের ছায়া ফেলেছে। শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সমবেদনা প্রকাশ করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad