পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে এসে বাংলার দুই মহান ব্যক্তিত্বকে নিয়ে বড়সড় ভুল করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার পুরুলিয়ার জয়পুরের এক সভামঞ্চ থেকে তিনি স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি গুলিয়ে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সভায় ভাষণ দিতে গিয়ে যোগী বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন—তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” অথচ এই ঐতিহাসিক উক্তিটি আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর। দুই মনীষীর বক্তব্য গুলিয়ে ফেলার বিষয়টি মুহূর্তের মধ্যে সামনে আসতেই সমাজমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
এরপরই শুরু হয় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়, বাংলার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে যাঁদের ন্যূনতম ধারণা নেই, তাঁরাই ভোটের সময় এসে বড় বড় কথা বলছেন। তাঁদের প্রশ্ন, যাঁরা বাংলার মনীষীদের চিনতেই ভুল করেন, তাঁরা বাংলার মানুষের জন্য কাজ করবেন কীভাবে?
দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, শুধু ভুল নয়, এই ধরনের মন্তব্য বাংলার ঐতিহ্যকে বিকৃত করার সামিল। বিষয়টি নিয়ে শাসকদলের নেতাদের একাংশও সরব হন এবং বলেন, ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকলে এমন বিভ্রাট ঘটতেই পারে, কিন্তু জনসমক্ষে এই ধরনের ভুল মেনে নেওয়া কঠিন।
সব মিলিয়ে ভোটের আগে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। বাংলার গর্বের মনীষীদের নিয়ে এই বিভ্রাট যে নির্বাচনী প্রচারে বড় ইস্যু হয়ে উঠতে পারে, তা বলাই যায়।

No comments:
Post a Comment