'উনি কি সত্যিকার ব্রাহ্মণ ঘরের----', নাম না করে মমতাকে বেনজির আক্রমণ মিঠুনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2026

'উনি কি সত্যিকার ব্রাহ্মণ ঘরের----', নাম না করে মমতাকে বেনজির আক্রমণ মিঠুনের


নদিয়া: 'উনি কি সত্যিকারের ব্রাহ্মণ ঘরের মেয়ে', নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। পাশাপাশি তাঁর দাবী, পশ্চিমবাংলাকে রাজ্যের দল বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। 

 

রাজ্যে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। শনিবার ভোট প্রচারে নদিয়ার শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাসের সমর্থনে বিজয় সংকল্প সভায় উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রবল রোদ উপেক্ষা করেই মহাগুরু মিঠুনের জনসভায় উপচে পড়ে ভিড়। এদিন রাজ্যের শাসক দলকে আক্রমণের পাশাপাশি সিনেমার জনপ্রিয় সংলাপ বলতেও শোনা যায় তাঁকে। 


এদিন মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে মিঠুন চক্রবর্তী বলেন, "বিরাট ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হল এরা গভীর রাতে মিটিং করে। এরা যদি ফিরে আসে, এদের প্রথম কাজ হবে পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার। এরা পশ্চিম বাংলাদেশ করতে চাইছে।আমাদের বাঁচতে দেবে না।"


তিনি বলেন, "এখন সনাতনীরা সব একাট্টা হয়েছে। যা ভোট হয়েছে ৯২ শতাংশ, তার থেকে বোঝা যাচ্ছে সব সনাতনীরা এক জায়গায় এসে ভোট করেছেন। আর যদি এরকম ভোট হয় তাহলে ওই তৃণমূলের মূল কেটে যাবে, খালি তৃণ রয়ে যাবে।" 


সকল সনাতনীদের একসঙ্গে গিয়ে ভোট দেওয়ার আবেদন করেন তিনি। সীমান্তে বেড়া দেওয়া প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে এক হাত নেন বিজেপির তারকা প্রচারক মিঠুন। তিনি বলেন, "দয়া করে বলছি সবাই একসঙ্গে মিলে এক ছাতার নিচে সব সনাতনীরা গিয়ে ভোট করবেন। কেননা এটার মধ্যেই রয়েছে এত বড় ষড়যন্ত্র।"


এরপরেই নাম না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মিঠুন। তিনি বলেন, "এইজন্য ৪০০ কিলোমিটার এখনও পর্যন্ত আমরা বাধ দিতে পারলাম না। প্রধানমন্ত্রী-গৃহমন্ত্রী লিখেছেন 'আমাদের জমি দিন', কিন্তু জমি দেননি উনি। কারণ ওখান দিয়ে লোক ঢোকাবেন তারপর এখানে এসে ওনাকে ভোট করবেন আর উনি এটাকে পশ্চিমবাংলাদেশ করে দেবেন।" 


কার্যত হুঁশিয়ারি দিয়ে মিঠুন বলেন, "কিন্তু এরা যে স্বপ্ন দেখে, সেটা স্বপ্নই থেকে যাবে। পশ্চিমবাংলা কখনও পশ্চিমবাংলাদেশ হবে না। আমার মত বাঙালি যতদিন বেঁচে আছে আর আমার গায়ে এক ফোঁটা রক্ত আছে, কোনও মায়ের লাল এটা করতে পারবে না।" 


মিঠুন বলেন, "এই সব মিথ্যে কথায় বিশ্বাস করবেন না যে, বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। আসলে উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। উনি বলছেন ওই মাংসটা খেতে দেবে না। কোন মাংসটা বুঝতে পারছেন? হিন্দু ধর্মে আমরা পূজা করি যাদের। সেই মাকে, তার মাংস খেতে দেবে না। উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। আর আমরা যদি জিতে আসি আপনাকে পেট ভরে ওই মাংস খাওয়াব।"


এরপরেই মিঠুনের বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, "কখন কখনও তো আমার বিশ্বাস হয় না যে, উনি কি সত্যিকারের ব্রাহ্মণ ঘরের মেয়ে! উনি এসব কথা ভাবতে পারেন কি করে। কি করে ভাবতে পারেন!"


পাশাপাশি সভামঞ্চ থেকে সিনেমার জমজমাট সংলাপ বলতে শোনা যায় মিঠুনকে। যদিও নির্বাচনী বিধিনিষেধের জেরে সেইসব গরম-গরম সংলাপ তিনি এড়িয়ে যান বা অসম্পূর্ণ রেখে দেন। তবে, বিজেপি জিতলে এমএলএ ফাটাকেষ্ট সিনেমার মতো হবে বলেই তোপ দাগেন মিঠুন।‌

No comments:

Post a Comment

Post Top Ad