বিনোদন ডেস্ক, ১১ এপ্রিল ২০২৬: বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে টলিপাড়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনও কাটেনি। এরই মধ্যে দুই জনপ্রিয় ধারাবাহিক; 'চিরসখা' ও 'ভোলে বাবা পার করেগা'-র পথচলা শেষ। শিল্প দুনিয়ায় এ নিয়ে যেন শোক ও বিদ্রোহের এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি হয়েছে। একদিকে প্রিয় সহকর্মীকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে কাজ হারানোর আতঙ্ক; সব মিলিয়ে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিরাজ করছে তীব্র অস্থিরতা।
এদিকে এই পরিস্থিতির সুযোগ নিয়ে নেটিজেনদের একাংশ শিল্পী ও তাঁদের পরিবারকে ইঙ্গিত করে কুরুচিকর আক্রমণ শুরু করেছেন সমাজমাধ্যমে।রাহুলের মৃত্যু এবং টলিপাড়ার বর্তমান কর্মবিরতি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন শিল্পীদের ব্যক্তিগতভাবে আক্রমণ ও ট্রোল করা হচ্ছে। যাতে করে শিল্পীদের মানসিক চাপ আরও বাড়ছে বই কমছে না। এই নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে শিল্পী ও কলাকুশলীদের মনে।
নেটিজেনদের এই অসংবেদনশীল আচরণে এবারে কড়া জবাব দিয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। সমাজমাধ্যম পোস্টে অত্যন্ত কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। সুদীপের স্পষ্ট কথা, আড়ালে থেকে আক্রমণ না করে যদি কারও কোনও অভিযোগ থাকে, তবে যেন তাঁরা সামনাসামনি এসে কথা বলেন। আড়াল থেকে যুদ্ধ করাকে মোটেও ভালো চোখে নেননি অভিনেতা।
শুক্রবার সমাজমাধ্যম পোস্টে সুদীপ লিখেছেন, "আড়াল থেকে যুদ্ধ না করে আসুন না একটু সামনাসামনি বসি। আপনাদের অভিযোগ, খিস্তি সামনে থেকে শুনি। যে সংহতি আপনারা খিস্তি করার জন্য দেখিয়ে থাকেন, সেই সংহতি দেখিয়ে একসঙ্গে সামনাসামনি হন। আপনারা আয়োজন করে জানান, আমি পৌঁছে যাব। প্রাণভরে আমাকে, আমার মা-বাবাকে, আমার সন্তানদের খিস্তি করবেন, তবে সামনাসামনি।"
তাঁর মা-বাবা এবং সন্তানদের নিয়ে করা নোংরা মন্তব্যেই যে সুদীপ বিশেষ করে মর্মাহত, সেটা তাঁর পোস্ট দেখেই বোঝা যায়। সামনাসামনি বসে যত খুশি অভিযোগ বা গালি শোনার সাহস দেখালেও, আড়াল থেকে পরিবারকে টেনে আনা তিনি কোনও ভাবেই বরদাস্ত করবেন না বলেও সাফ বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।
উল্লেখ্য, 'চিরসখা' ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সুদীপ। কিন্তু বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন; এক কঠিন দ্বন্দ্বে দাঁড়িয়ে তিনি। অভিনেতা রাহুলের মৃত্যুর পর অনেকেই প্রযোজনা সংস্থার সমালোচনা করলেও, সুদীপ বা অপরাজিতারা সেই স্রোতে নিজেদের ভাসিয়ে দেননি বলে নেটিজেনদের একাংশ তাঁদের ওপর বেজায় চটেছেন। ফলস্বরূপ, কুরুচিপূর্ণ আক্রমণ। তবে নেটিজেনদের একাংশের এই কাপুরুষোচিত আচরণে চুপ থাকেননি সুদীপ।
প্রসঙ্গত, এই সপ্তাহেই 'চিরসখা'র সম্প্রচার শেষ হয়েছে। অভিনেতার জন্য এটা ছিল এক আবেগের জায়গা। টলিপাড়ায় এই কঠিন সময়েও সুদীপের এই বলিষ্ঠ প্রতিবাদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

No comments:
Post a Comment