নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ০৫ এপ্রিল, ২০২৬: নির্বাচনী প্রচারের সময় আবারও বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। রবিবার সকালে খাগড়ার ৩ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকদের পক্ষ থেকে তাঁকে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার সকাল থেকে বহরমপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগের কর্মসূচি ছিল অধীর রঞ্জন চৌধুরীর। খাগড়া এলাকার দয়াময়ী কালীবাড়ি পাড়া সংলগ্ন একটি তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যখন তাঁর মিছিল যাচ্ছিল, সেই সময় সেখানে উপস্থিত থাকা তৃণমূল সমর্থকরা কংগ্রেসের মিছিলকে লক্ষ্য করে চিৎকার শুরু করেন। অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ কংগ্রেসের। ঘটনা ঘিরে দু'পক্ষের মধ্যে চাপা উত্তজনা তৈরি হয়।
যদিও সেখানে উপস্থিত বহরমপুরের ডিএসপি হেডকোয়ার্টার ও বহরমপুরের আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামলে নেন। তৃণমূল কর্মীদের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেন। অধীর চৌধুরীর মিছিল সুষ্ঠু ভাবে এগিয়ে যায়। তবে, শনিবারের মত বড়সড় অশান্তি এড়ানো গেলেও চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
উল্লেখ্য, গতকাল শনিবারও প্রচার চলাকালীন বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে বহরমপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে আজ অধীর চৌধুরীর প্রচার মিছিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। মিছিলের আগে ও পেছনে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদেরও কড়া নজরদারি রাখতে দেখা যায়। নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও এমন ঘটনার পুনরাবৃত্তিতে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে।

No comments:
Post a Comment