রাহুলের মৃত্যুর তদন্তের দাবীতে তালসারি থানায় এফআইআর স্ত্রী প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ, কী বললেন? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 5, 2026

রাহুলের মৃত্যুর তদন্তের দাবীতে তালসারি থানায় এফআইআর স্ত্রী প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ, কী বললেন?


নিজস্ব সংবাদদাতা, তালসারি, উড়িষ্যা: উড়িষ্যার তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অভিনেতার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গিয়েছে। অভিনেতার মৃত্যু নিয়ে বিভিন্ন ব্যক্তির বয়ানে অসঙ্গতি দেখা যায়। রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবী ওঠে। কলকাতায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি শনিবার রাতেই উড়িষ্যার তালসারি থানায় অভিযোগ করতে আসেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা। সেইসঙ্গে তালসারিতে পৌঁছন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও যীশু সেনগুপ্তরা। 


জানা যায়, রাহুলের মৃত্যুর প্রকৃত রহস্য সন্ধানে কলকাতার পর দ্বিতীয় দফায় উড়িষ্যায় দায়ের হয় এফআইআর। এদিন তাঁরা রাত ১০ টা ২০ নাগাদ তালসারি থানায় হাজির হন। রাত প্রায় ২ টা নাগাদ কাজ সম্পন্ন করেন। এদিন অভিযোগ দায়েরের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'রাহুলের স্ত্রী এফআইআর দায়ের করেছেন। অনলাইনে বিস্তারিত পাওয়া যাবে।'


তিনি বলেন, "প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে সাথে নিয়ে বিকেলে আমরা কলকাতা থেকে রওনা দিয়ে রাতে তালসারিতে আসি। নিয়ম মেনেই অভিযোগ করতে একটু সময় লাগে। আমরা আশা করব পুলিশ মৃত্যুর সঠিক তদন্ত করবেন।" তিনি জানান, এখানে এসে সকলের সহযোগিতায় কাজ সম্পন্ন হয়েছে। 


শনিবার সকাল থেকে প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এদিন সকালেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই প্রযোজনা সংস্থার একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।


ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড'-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সেই এফআইআর-এ। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিতভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলেই অভিনেতার মৃত্যু ঘটে। এ ছাড়াও, রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে সেই এফআইআরে।


উল্লেখ্য, ভোলে বাবা পার করেগা-র শুটিংয়ে গিয়ে ২৯ শে মার্চ মৃত্যু হয় অভিনেতা রাহুলের। জলে তলিয়ে যান তিনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু কেন আর কীভাবে ঘটল এই অঘটন? এই নিয়ে ধোঁয়াশা। অভিনেতার মৃত্যুর স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবীতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী ও টলিপাড়ার একাংশ।

No comments:

Post a Comment

Post Top Ad